গত মৌসুমেও তারা খেলছিল দ্বিতীয় বিভাগে। সেখান থেকে ধারাবাহিক ফুটবল খেলে ৫ বছর ফিরল সুইস সুপার লিগে। আর শীর্ষ পর্যায়ে এসে রূপকথার গল্প লিখে ইতিহাস গড়ে ১২৮ বছরের অপেক্ষা ঘুচিয়ে চ্যাম্পিয়ন হলো এফসি থুন। 

সুইজারল্যান্ডের সুইস সুপার লিগে তিন রাউন্ড বাকি থাকতে শিরোপা নিশ্চিত করে ফেলেছে এফসি থুন। ঘরের মাঠে রবিবার এফসি বাসেলকে ৩-১ গোলে হারায় তারা। আর অন্য ম্যাচে সেইন্ট গ্যালেন হেরে যাওয়ায় নিশ্চিত হয় এফসি থুনের শিরোপা।

দীর্ঘ ১২৮ বছরের ইতিহাসে এই প্রথম বড় কোনো শিরোপা জিতল এফসি থুন। শুধু তাই নয়, সুইস সুপার লিগের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে দ্বিতীয় বিভাগ থেকে শীর্ষ লিগে আসার পর প্রথম মৌসুমেই চ্যাম্পিয়ন হলো কোনো দল।

এখন পর্যন্ত ৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট পেয়েছে এফসি থুন। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে সেইন্ট গ্যালেন। বাকি তিন ম্যাচ জিতলেও থুনকে টপকাতে পারবে না গ্যালেন। তাই আগেভাগেই নিশ্চিত হয়ে গেল চ্যাম্পিয়নশিপ।

গত অক্টোবর থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল এফসি থুন। ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা সম্ভাবনা আগেই জাগিয়ে তোলে তারা। কিন্তু সবশেষ কিছু ম্যাচে হেরে যাওয়ায় বাড়তে থাকে তাদের উদযাপনের অপেক্ষা। শেষ পর্যন্ত নিজেদের ম্যাচে জয় ও সেইন্ট গ্যালেনের পরাজয়ে শুরু হয়ে যায় এফসি থুনের বাধনহারা উল্লাস।

সুইস সুপার লিগে এর আগে এফসি থুনের সর্বোচ্চ সাফল্য ছিল দ্বিতীয় হওয়া। ২০০৫-০৬ মৌসুমে লিগে দ্বিতীয় হয়ে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও খেলেছিল ক্লাবটি। এবার প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ায় আবার ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসরে দেখা যাবে এফসি থুন ক্লাব।

বিডি-প্রতিদিন/এআইডি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews