বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেও আতলেতিকো মাদ্রিদে থেকে যাওয়া জুলিয়ান আলভারেসকে পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন দিয়েগো সিমিওনে।
জুলিয়ান আলভারেসের বার্সেলোনায় যাওয়ার চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। দলবদলের সময় প্রকাশ্যেই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে পাওয়ার চেষ্টা করেছিল বার্সেলোনা, এমনকি আলভারেসও ক্লাব বদলের ইচ্ছা জানিয়েছিলেন। তবে লা লিগার প্রতিদ্বন্দ্বী ক্লাবটির কাছে তাঁকে বিক্রি করতে রাজি হয়নি আতলেতিকো মাদ্রিদ। এর আগে রিয়াল মাদ্রিদের ১৫ কোটি ইউরোর প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিল আতলেতিকো। আর্সেনালের প্রস্তাবও ফিরিয়ে দেওয়া হয়েছিল বলে খবর।
দলবদল-জটের পর আলভারেসকে নিয়ে কিছুটা অনিশ্চয়তাও দেখা দিয়েছিল। মৌসুমের দ্বিতীয় ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামলেও সর্বশেষ সেভিয়ার বিপক্ষে তাঁকে দলে রাখা হয়নি। তবে শনিবার অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ম্যাচের জন্য তাঁকে দলে ফেরানো হয়েছে। সিমিওনে জানিয়েছেন, ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড ভালোভাবেই অনুশীলন করছেন এবং বিলবাওগামী দলে থাকবেন।
আলভারেসের পরিস্থিতি নিয়ে সিমিওনে বলেন, ‘সে খুব ভালো অনুশীলন করছে। তাকে দলে ডাকা হবে এবং বিলবাওয়ে যাওয়া দলের অংশ হবে। আমরা তার এবং দলের সব সতীর্থের কাছ থেকে সেরাটাই আশা করি। জীবন সুযোগে পরিপূর্ণ, আর এটি জুলিয়ানের জীবনে অনেক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার একটি সুযোগ।’ তিনি আরও বলেন, ‘আমরা সারাক্ষণ শিখছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক সময় বিচার করতেই ব্যস্ত থাকি। আমরা সবাই বিচার করি। আমাদের কম বিচার করে বেশি শেখার দিকে মনোযোগ দেওয়া উচিত।’
সিমিওনের মতে, এই ঘটনাটি আলভারেসের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। তাঁর ভাষায়, ‘এই ধাপটি তাকে বিশুদ্ধ শিক্ষা দেবে। নিজের ভেতরের পরিস্থিতিগুলো সমাধান করার সুযোগ আছে তার, যাতে সেগুলো তার জন্য ভালো কিছু বয়ে আনে এবং আমরা তাকে সুখী দেখতে পারি—এটাই আমাদের চাওয়া। আমরা চাই সে ভালো থাকুক, সুখী থাকুক এবং গোল করুক।’
এদিকে মৌসুমের শুরুতে টানা দুই ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়েছে অ্যাথলেটিক ক্লাব। তৃতীয় ম্যাচে সেল্তা ভিগোকে ২-০ গোলে হারিয়েছে এদিন তেরজিচের দল। আতলেতিকোর বিপক্ষে নজর থাকবে ইনায়াকি উইলিয়ামসের দিকে। লা লিগায় আতলেতিকোর বিপক্ষে ২২ ম্যাচে পাঁচ গোল ও দুটি সহায়তা মিলিয়ে সাত গোলে অবদান রয়েছে তাঁর। তবে এই প্রতিপক্ষের বিপক্ষে বর্তমানে টানা সাত ম্যাচ গোল বা সহায়তা ছাড়াই আছেন তিনি। আতলেতিকোর হয়ে আলেক্সান্দার সোরলোথও গুরুত্বপূর্ণ হতে পারেন। অ্যাথলেটিকোর বিপক্ষে ১০ লা লিগা ম্যাচে চার গোল করলেও সান মামেসে পাঁচবার খেলেও একবারও গোল করতে পারেননি নরওয়ের এই ফরোয়ার্ড।