রাজধানীর নাগরিক সেবার দায়িত্বে থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) চরম আর্থিক সংকটে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে গত মাসে সংস্থাটিকে কর্মকর্তা–কর্মচারীদের বেতন ও বোনাস দিতে ঋণ করতে হয়েছে। আগামী মাসে নিজস্ব আয় থেকে বেতন দেওয়া সম্ভব হবে কি না, তা নিয়েও উদ্বেগে আছেন সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা।
সংস্থাটির প্রশাসক ও বিএনপি নেতা আবদুস সালাম ইতিমধ্যে এ সংকট থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন। ৪ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের বলেন, গত কয়েক মাসে প্রত্যাশিত হারে রাজস্ব আদায় হয়নি। অন্য বছরের তুলনায় এ বছর রাজস্ব আদায় কম হওয়ায় সিটি করপোরেশন অর্থসংকটে পড়েছে।