খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের পেছনের গলিতে মুস্তাকিম (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম খুলনা সদর থানাধীন ২ নম্বর কাশেম সড়ক এলাকার বাসিন্দা। তার পিতার নাম শহিদুল। পেশায় তিনি একজন মোবাইল ফোন মেকানিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে মুস্তাকিমের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়দের দাবি, হামলাকারীরা মুস্তাকিমের পেছন দিক থেকেও ছুরিকাঘাত করে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা মুস্তাকিমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের বরাতে আরও জানা গেছে, মুস্তাকিম তার মা-বাবার একমাত্র ছেলে ছিলেন।
ঘটনার খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।
এদিকে নিহত মুস্তাকিমের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।