ময়মনসিংহ, ৮ এপ্রিল – ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে আরও ২২ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে ৭৮ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকাল নয়টা থেকে বুধবার সকাল নয়টার মধ্যে এই ২২ জন শিশুকে ভর্তি করা হয়।

গত ১৭ মার্চ থেকে বুধবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২৯৮ জন শিশু এই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১৩ জন শিশু এবং দুর্ভাগ্যজনকভাবে মারা গেছে ৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৪ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই হাসপাতালের শিশু বিভাগে হামের লক্ষণ নিয়ে রোগীরা ভর্তি হতে শুরু করে। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও মার্চের মাঝামাঝি সময় থেকে তা উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে।

হাম আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে তিনটি বিশেষজ্ঞ মেডিকেল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। এখন পর্যন্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জন শিশু ভর্তি হলেও এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এনএন/ ৮ এপ্রিল ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews