সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যান্সার আরো ছড়িয়ে পড়েছে। তার ছেলে হান্টার বাইডেন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। ২০২৫ সালের মে মাসে জো বাইডেন জানিয়েছিলেন, তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সার তার হাড়ে ছড়িয়ে পড়েছে। শনাক্ত হওয়া ক্যানসার বেশ আগ্রাসী ধরনের। হান্টার বলেছেন, ‘এটা খুব বেদনাদায়ক এবং নানা দিক থেকে খুবই দুর্বল করে দেয়। কিন্তু তিনি (বাইডেন) এখনো বাইরে যাচ্ছেন, নিজের কাজ করছেন। তিনি এ দেশকে নিয়ে খুব আশাবাদী’। ৮৩ বছর বয়সী ডেমোক্র্যাট নেতার একজন মুখপাত্র শনিবার হান্টার বাইডেনের সাক্ষাৎকার নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
সবচেয়ে বেশি বয়সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া বাইডেনের স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল। এরপরেও ২০২৪ সালে তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন। তবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে তার পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনা হয়। দলের প্রচ- চাপের মুখে তিনি প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ান। সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট।