ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লড়াইয়ের সফলতা এখন অনেকাংশে নির্ভর করছে ওয়াশিংটন হরমুজ প্রণালি খুলে দিতে পারে কি না, তার ওপর। বিশ্ব অর্থনীতিকে বড় ধরনের পতনের হাত থেকে রক্ষা করা এবং আরেকটি অন্তহীন যুদ্ধ এড়িয়ে চলাও এখন তার জন্য এক বিশাল চ্যালেঞ্জ।
তুরস্কের ইতিহাস এই গুরুত্বপূর্ণ জলপথ নিয়ে একটি সতর্কবার্তা এবং একই সঙ্গে এগিয়ে যাওয়ার পথ দেখায়। ইরান বর্তমানে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে, যার ফলে পারস্য উপসাগর দিয়ে তেল সরবরাহ ব্যাপকভাবে কমে গেছে। এ ক্ষেত্রে তুরস্কের ডারডানেলেস প্রণালির ইতিহাস বিশেষ আলোচনার দাবি রাখে। সংকীর্ণ ওই জলপথ ইজিয়ান সাগরের সঙ্গে মারমারা সাগর এবং ব্ল্যাক সি বা কৃষ্ণসাগরকে যুক্ত করেছে।
হরমুজ প্রণালি বর্তমান বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ কেন্দ্র। বিশ্বের মোট তেল ভোগের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি বাণিজ্যের একটি বড় অংশ এই পথ দিয়ে হয়। ঠিক এ কারণেই এখানে সামরিক শক্তির প্রয়োগের চিন্তা করা অত্যন্ত বিপজ্জনক।