সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাস-ট্রাকসহ পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত হবে আজ (বৃহস্পতিবার)। গতকাল সচিবালয়ে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নতুন বাস ভাড়া নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বিআরটিএর কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মন্ত্রণালয় ও অংশীজনদের বৈঠক হয়। পরিবহনমন্ত্রী রবিউল আলম বলেন, আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। এখনো সিদ্ধান্ত হয়নি। বাস-ট্রাকসহ পরিবহনের
নতুন ভাড়া নির্ধারণ নিয়ে আশা করা যায় বৃহস্পতিবার সিদ্ধান্ত হবে। এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, পরিবহন খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। সম্প্রতি ডিজেলে লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানিকৃত খুচরা যন্ত্রাংশ ও সামগ্রিক যানবাহন রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেড়ে গেছে। এ অবস্থায় পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। গত রবিবার রাত ৮টার দিকে বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক রাত ১০টা পর্যন্ত হলেও কোনো সিদ্ধান্ত আসেনি। ওই বৈঠকের পর বিআরটিএ চেয়ারম্যান গণমাধ্যমকে জানান, ভাড়া বিষয়ে একটি খসড়া করা হয়েছে।