ভারতের মুম্বাইয়ের রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে ইফতারি প্রস্তুতিতে অংশ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। তবে ধর্মীয় বিদ্বেষমূলক সেই মন্তব্যের জবাবে দৃঢ় অবস্থান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ‘জয় হো’ খ্যাত এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে মানুষের সঙ্গে ইফতারি তৈরিতে সহায়তা করছেন ডেইজি শাহ। ভিডিওটি প্রকাশের পর এক নেটিজেন তার আগের একটি ঘটনার প্রসঙ্গ তুলে তাকে বিদ্রূপ করেন।
গত বছর দীপাবলির সময় আতশবাজি ফোটানোর বিরোধিতা করেছিলেন ডেইজি। সেই বিষয়টি উল্লেখ করে ওই ব্যবহারকারী মন্তব্য করেন—আতশবাজি নিয়ে তার আপত্তি থাকলেও এখন তিনি ইফতার আয়োজনের অংশ হয়ে রান্না করছেন।
এই মন্তব্যের জবাবে ৪১ বছর বয়সী অভিনেত্রী স্পষ্ট ভাষায় বলেন, জননিরাপত্তার স্বার্থে আতশবাজির বিরোধিতা করা আর ইফতারের খাবার প্রস্তুত করা—দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। নেটিজেনকে উদ্দেশ করে তিনি বলেন, ধর্মের দোহাই দিয়ে ঘৃণা ছড়ানোর এই প্রচেষ্টার জন্য আপনাকে শুভকামনা, দ্রুত সুস্থ হয়ে উঠুন।
প্রসঙ্গত, গত বছর মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় নির্বাচনী প্রচারণার সময় অনিয়ন্ত্রিত আতশবাজি থেকে একটি আবাসিক ভবনে আগুন লাগে। ডেইজির বাসার পাশেই ঘটে যাওয়া ওই অগ্নিকাণ্ডের পর জননিরাপত্তা নিয়ে তিনি সোচ্চার হয়েছিলেন। সেই ঘটনার সঙ্গে বর্তমান ইফতার আয়োজনকে জড়িয়ে মন্তব্য করায় অসন্তোষ প্রকাশ করেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, কোরিওগ্রাফার হিসেবে কর্মজীবন শুরু করা ডেইজি শাহ ২০১৪ সালে সালমান খানের বিপরীতে ‘জয় হো’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান।