প্রতিভা অন্বেষণের অংশ হিসেবে বর্তমানে সারা দেশব্যাপী চলছে নতুন কুঁড়ি স্পোর্টস। তরুণ-তরুণীদের ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে এবং মেধাবী ক্রীড়াবিদ তুলে আনতেই এ উদ্যোগ হাতে নিয়েছে সরকার। এবার এই আয়োজনের সাক্ষী হলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ফুটবল আইকন হামজা দেওয়ান চৌধুরী। গতকাল নতুন কুঁড়ি স্পোর্টসের ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের আমন্ত্রণে মোহাম্মদপুরস্থ শারীরিক শিক্ষা কলেজ মাঠে এসে খেলা দেখেন ইংলিশ লিগে খেলা এই ফুটবলার। ব্যক্তিগত সফরে চার দিনের জন্য ঢাকায় এসেছেন হামজা। এরই ফাঁকে তিনি শামিল হন নতুন কুঁড়ি স্পোর্টেসে। তাকে একনজর দেখতে দুপুরের পর থেকে শারীরিক শিক্ষা কলেজ মাঠে ভিড় জমতে থাকে। এ সফরে গণমাধ্যম হামজাকে কাছ থেকে দেখার সুযোগ না পাওয়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের কালকের ইভেন্ট কাভারে উপচে পড়েছিল গণমাধ্যমও। তাই ভিড় সামলাতে আয়োজকদের
হিমশিম খেতে হয়েছে। সরেজমিনে দেখা গেছে এক পর্যায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালও ভিড় সামলাতে কাজ করেন। মঞ্চেও ছিল ভিড়। আয়োজকরা মাইকে বারবার বলার পরও উৎসুক সমর্থকরা তাতে কর্ণপাত করেনি। এরই মধ্যে হামজা অতি সংক্ষিপ্ত বার্তায় বলেন, ‘সবাইকে সালাম। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই সুন্দর আয়োজনের অংশ নেয়ার জন্য ক্রীড়া প্রতিমন্ত্রীকে জানাই ধন্যবাদ। তিনি সত্যিই দারুণ কাজ শুরু করেছেন, যা আমাদের আগামী প্রজন্মের তারকাদের অনুপ্রাণিত করবে।’
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নতুন কুঁড়ি স্পোর্টস নিয়ে বলেন, ‘নতুন কুঁড়িতে ৪৫ হাজার মেয়ে নিবন্ধন করেছে খেলার জন্য। তো এটা বাংলাদেশের জন্য একটা খুবই মাইলফলক ব্যাপার। হামজা চৌধুরীকে সব ক্রীড়াবিদ স্টার হিসেবে গণ্য করে। প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেব এবং হামজা মিলে যে ইন্সপিরেশনটা দিয়েছেন, খালি আজকের এই ফিজিক্যালের মাঠে না, আপনাদের মাধ্যমে যে বার্তাটা পুরো বাংলাদেশে যাবে, তাতে অনেক তরুণ-তরুণীরা ইন্সপিরেশন পাবে খেলাধুলাতে থেকে ভবিষ্যতে খেলার মাধ্যমেই নিজেকে গড়ে তোলার জন্য।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিজ বক্তব্যে হামজাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ব্যস্ত সূচির মধ্যেও তরুণদের উদ্বুদ্ধ করতে হামজা মাঠে এসেছেন। আমরা চাই বাংলাদেশে ফুটবল, ক্রিকেট, দাবাসহ আরও অনেক ডিসিপ্লিনে বিশ্বমাপের ক্রীড়াবিদ উঠে আসুক। বাংলাদেশ সরকার এজন্য কাজ করছে।’
বক্তব্যের পর হামজা ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাঠে ক্রিকেটারদের সঙ্গে পরিচয় পর্ব সারেন। কয়েক মিনিট ক্রিকেট ম্যাচ উপভোগ করে ভেন্যু ত্যাগ করেন বাংলাদেশের তারকা মিডফিল্ডার। আজ সকালে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে হামজার।