জাতিসঙ্ঘের পরমাণু সংস্থার সদর দপ্তরে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে যোগ দিতে ভিয়েনা যাওয়ার পথে ইরানের পরমাণু প্রধান মোহাম্মদ ইসলামী ও তার প্রতিনিধিদলকে বাধা দেয়া হয়েছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের চাপের অভিযোগ তুলে অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে তেহরান।
আল জাজিরা সোমবার (১৪ সেপ্টেম্বর) জানিয়েছে, মোহাম্মদ ইসলামী শনিবার একটি নিয়মিত ফ্লাইটে প্রতিনিধিদল নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার উদ্দেশে রওনা হন। তবে যুক্তরাষ্ট্রের বাধার কারণে পথে তাদের আটকে দেয়া হয় বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।
ইসলামীর জাতিসঙ্ঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর বৈঠকে যোগ দেয়ার কথা ছিল। ভিয়েনায় অনুষ্ঠিত সংস্থাটির এই বার্ষিক সম্মেলন শুক্রবার পর্যন্ত চলবে।
ইরানের প্রতিনিধিদলকে ভিসা না দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তেহরান অস্ট্রিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই বলেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধিদলকে ভিসা দিতে অস্ট্রিয়া সরকারের অস্বীকৃতি সম্পূর্ণ অযৌক্তিক সিদ্ধান্ত।’
তিনি আরো বলেন, ‘আমাদের কাছে স্পষ্ট যে, যুক্তরাষ্ট্রের চাপেই এই ঘটনা ঘটেছে। কিন্তু তাতে অস্ট্রিয়া সরকারের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই।’