২০২৬ ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডের স্বপ্নভঙ্গের পর সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন দলের তারকা মিডফিল্ডার জুড বেলিংহাম। বিশ্বকাপজুড়ে পাওয়া অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তিনি দেশের মানুষের মধ্যে গড়ে ওঠা ঐক্য ও ভালোবাসা ধরে রাখার আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বেলিংহাম বলেন, বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা কাটিয়ে উঠতে তার কিছুটা সময় লেগেছে। তবে সমর্থকদের ভালোবাসা ও সমর্থনই তাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে বলে উল্লেখ করেন তিনি।
ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলের পরাজয়ে। ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল থ্রি লায়ন্সরা। অ্যান্থনি গর্ডনের গোলে লিড নেওয়ার পর এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনাকে সমতায় ফেরান। পরে যোগ করা সময়ে লাওতারো মার্টিনেজের গোল আর্জেন্টিনাকে ফাইনালে পৌঁছে দেয়।
নিজের পোস্টে বেলিংহাম লিখেছেন, গতকাল এবং গত কয়েক সপ্তাহ নিয়ে সঠিক শব্দ খুঁজে পাওয়া আমার জন্য কঠিন ছিল। তবে আমাদের বাসচালক কানসাস থেকে যে বার্তা দিয়েছেন, সেটিই পুরো অনুভূতিটা সবচেয়ে ভালোভাবে প্রকাশ করেছে। দেশের মানুষের অবিশ্বাস্য সমর্থন এবং যারা নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে যুক্তরাষ্ট্রে এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এই যাত্রায় যে ঐক্য ও ভালোবাসা আমরা দেখেছি, তা যেন এখানেই শেষ না হয়। আমরা যখন একসঙ্গে থাকি, তখন বড় কিছু অর্জন করতে পারি—এবং আমরা তা করব।
আরও পড়ুন
আরও পড়ুন ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা

পুরো টুর্নামেন্টে ইংল্যান্ডের হয়ে উজ্জ্বল পারফরম্যান্স উপহার দিয়েছেন বেলিংহাম। সাত ম্যাচে ছয় গোল ও একটি অ্যাসিস্ট করে তিনি দলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিশ্বকাপ শেষ করেন। নকআউট পর্বে মেক্সিকো ও নরওয়ের বিপক্ষে জোড়া গোল করে দলকে সেমিফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
বিশ্বকাপে শিরোপার স্বপ্ন শেষ হলেও ইংল্যান্ডের সামনে এখনও একটি ম্যাচ বাকি। তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে শনিবার ফ্রান্সের মুখোমুখি হবে তারা। অন্যদিকে, ১৯ জুলাই রোববারের ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান পরাশক্তি স্পেন।