দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৭ সালের মে মাসে ঐতিহাসিক লর্ডসে হবে দুই দলের একমাত্র টেস্ট। তবে তার আগে একই বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে থ্রি লায়ন্সরা।

আর সেই সফর আয়োজন করতে বড় অঙ্কের অর্থ খরচ হবে বলে জানিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন। তবুও ক্রিকেটের স্বার্থে টাকা খরচ করতে দ্বিধা নেই ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসনের।

থম্পসনের ভাষায়, ‘বাস্তবতা হচ্ছে আমরা এমন কিছু কাজ করি, যেগুলো না করলেও চলে ও সেগুলো করতে আমাদের অনেক টাকা খরচ হয়। সামনে আমাদেরকে বাংলাদেশ সফর করতে হবে, সেটা করার জন্য আমাদের অনেক টাকা খরচ হবে। কিন্তু আমাদেরকে সেটাই করতে হবে।’

সম্প্রতি ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানো বাংলাদেশের প্রসঙ্গও টেনেছেন ইসিবি চেয়ারম্যান। বাংলাদেশের সামর্থ্য নিয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, ‘দেখুন, কিছুদিন আগেই বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এটা প্রমাণ করে যে তাদের মাঝে সম্ভাবনা ও সামর্থ্য আছে।’

শুধু বাংলাদেশ নয়, টেস্ট ক্রিকেটের ঐতিহ্য ধরে রাখতে জিম্বাবুয়েকে ইংল্যান্ডে এনে টেস্ট খেলানোর উদাহরণও দিয়েছেন থম্পসন।

তিনি বলেন, ‘এমনও হয়েছে জিম্বাবুয়েকে টাকা দিয়ে এখানে এনেছি ও টেস্ট ম্যাচ খেলিয়েছি। পয়েন্ট হচ্ছে, এটা সবসময় আর্থিক ব্যাপার নয়, আমাদের কাছে মানটা গুরুত্বপূর্ণ। আর এখানে মান হচ্ছে টেস্ট ক্রিকেটের ঐতিহ্য রক্ষা করা। আমরা জানি আমরা ব্যতিক্রম।’

অর্থনৈতিকভাবে লাভজনক না হলেও টেস্ট ক্রিকেটের ঐতিহ্য ও মান ধরে রাখার স্বার্থে বাংলাদেশ সফর করতে প্রস্তুত ইংল্যান্ড। আর ২০২৭ সালে দুই দলের লড়াই তাই শুধু মাঠের ক্রিকেটেই সীমাবদ্ধ থাকছে না; এর সাথে যুক্ত হচ্ছে বড় অঙ্কের অর্থের হিসাবও।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews