প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে যুদ্ধবিমান মোতায়েন করেছে পাকিস্তান। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, পাকিস্তানের যুদ্ধবিমান ও সহায়ক বিমান সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে অবতরণ করেছে দুই দেশের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মোতায়েন করা হয়েছে কিং আবদুল আজিজ এয়ার বেস-এ। এর লক্ষ্য দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে যৌথ সামরিক সমন্বয় শক্তিশালী করা এবং কার্যত প্রস্তুতি বৃদ্ধি করা, যা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তাকে সমর্থন করবে। এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এই প্রতিরক্ষা চুক্তি গত সেপ্টেম্বর মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে স্বাক্ষরিত হয়। চুক্তিতে বলা হয়েছে, কোনো এক পক্ষের বিরুদ্ধে আক্রমণ হলে সেটিকে উভয়ের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য করা হবে।