যশোরের শার্শা উপজেলার বালুন্ডা গ্রামে বোমা বিস্ফোরণে আব্দুল কাদের (৩৫) ও জাকির হোসেন (৪০) নামে দু’জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মালেশিয়া প্রবাসী জাকির হোসেনের বাড়ির টয়লেট নির্মাণের জন্য মাটি খনন করার সময় বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়।
আব্দুল কাদের মরহুম নুরজাক সর্দারের ও জাকির হোসেন আব্দুল বারিক সর্দারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বালুন্ডা গ্রামের কাচারি পুকুরপাড় এলাকায় মালয়েশিয়া প্রবাসী জাকির হোসেনের বাড়িতে শৌচাগারের হাউজ নির্মাণের জন্য মাটি কাটছিলেন শ্রমিক কাদের ও জাকির। এ সময় হঠাৎ বিকট শব্দে মাটির নিচে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে এবং শ্রমিক কাদের ও জাকির রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, বোমা বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ধারণা করা হচ্ছে, আগে থেকেই কেউ নাশকতার উদ্দেশ্যে মাটির নিচে বোমাটি পুঁতে রেখেছিল। বিস্ফোরণের স্থান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। সেখানে আরো বোমা পুঁতে রাখা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।