সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ জন সংসদ সদস্যের মধ্যে ৩৭ জন কোটিপতি পরিবারের। এর মধ্যে এক থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত সম্পদ রয়েছে ১৭ জনের পরিবারের, আর পাঁচ কোটির ওপরে সম্পদ রয়েছে ২০ জনের পরিবারের। এই সংখ্যা মোট সংসদ সদস্যের ৭৪ শতাংশ।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। ‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের তথ্য উপস্থাপন’–সংক্রান্ত এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সুজন।
নির্বাচন কমিশনে (ইসি) সংসদ সদস্যদের জমা দেওয়া হলফনামা অনুযায়ী সম্পদের এই বিবরণী সাজিয়েছে সুজন। সেখানে সংসদ সদস্যদের পাশাপাশি নির্ভরশীলদের তথ্যও যুক্ত করা হয়েছে।