বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন, যা বাংলাদেশিদের সমগ্র সত্তাকে ধারণ করে। বৈশাখের উষালগ্ন থেকেই এ উৎসব মানুষের মনে শান্তি ও আনন্দের আবহ তৈরি করে।

নববর্ষের প্রথম প্রহরে তিনি দলের সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। বিএনপি মহাসচিব বলেন, বাংলা নববর্ষ জাতীয় জীবনের এক আলোকিত ও আনন্দময় উৎসব, যেখানে বৈরিতা ও দ্বন্দ্বের পরিবর্তে সবার হৃদয়ে প্রাণ-প্রাচুর্য্য সঞ্চারিত হওয়া উচিত।

বাণীতে তিনি উল্লেখ করেন, নববর্ষ সংহতির প্রতীক। নতুন বছর মানেই অতীতের ব্যর্থতা ও জীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও কর্মপ্রবাহে সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার। গত বছরের নানা ঘটনা ও দুর্ঘটনার অভিঘাত কাটিয়ে শান্তি, স্বস্তি ও সহাবস্থান ফিরিয়ে আনার ওপরও জোর দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, মানুষে মানুষে বিভাজন দূর করে পহেলা বৈশাখ পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্যে ভরে উঠুক—এটাই প্রত্যাশা।

ইতিহাসে বাংলাদেশিদের স্বাতন্ত্র্যধর্মী পরিচয়ের কথা তুলে ধরে তিনি বলেন, ধর্ম, লোকাচার, রাজনীতি ও সংস্কৃতির পরিমণ্ডলে এ স্বাতন্ত্র্যবোধ জাতির বৈশিষ্ট্যকে প্রতিফলিত করে।

তিনি বলেন, প্রতিটি উৎসবের অন্তর্নিহিত তাৎপর্য হলো ধনী-গরিব নির্বিশেষে সব মানুষের মিলন এবং বিভিন্ন সম্প্রদায় ও ধর্মগোষ্ঠীর মধ্যে সংযোগ সৃষ্টি। নতুন বছরের প্রথম দিনের আলোয় মহান আল্লাহর কাছে দেশের সকল মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন তিনি।

বিএনপি মহাসচিব আবারও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছর সবার ব্যক্তিগত, পারিবারিক ও জাতীয় জীবনে সুখ ও শান্তি বয়ে আনুক।

কেএইচ/এমকেআর



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews