গাজীপুরে আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পিটিআই প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের পাশাপাশি বিচারক, আইনজীবী, শিক্ষার্থী, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
র্যালি শেষে গাজীপুর পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। সভায় মহানগর দায়রা জজ শাহরিয়ার কবির, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: জিয়াদুর রহমান, জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার মো: শরিফ উদ্দীন, ডিপুটি পুলিশ কমিশনার এস এম শরিফুল ইসলাম এবং গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি শামসুল হক ভূঁইয়াসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার নুসরাত জাহান খান।
সভাপতির বক্তব্যে আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, ‘রাষ্ট্রের অসহায়, দুস্থ ও অর্থনৈতিকভাবে অস্বচ্ছল মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করতেই সরকার এ উদ্যোগ নিয়েছে।’
তিনি বলেন, ‘ন্যায়বিচার কেবল বিত্তবানদের জন্য নয়, এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার।’
তিনি আরো বলেন, ‘অর্থের অভাবে কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ প্রণয়ন করা হয়েছে।’
আলোচনা সভা শেষে ২০২৬ সালের জন্য জেলা লিগ্যাল এইড কমিটির নির্বাচিত সেরা প্যানেল আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদকে সম্মাননা স্মারক দেয়া হয়।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালে গাজীপুর জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪০টি বিরোধ আপসের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। একই সময়ে ১,০২৮ জনকে বিনামূল্যে আইনি পরামর্শ এবং ৭১৮ জনকে সরকারি খরচে মামলা পরিচালনার জন্য সহায়তা দেয়া হয়েছে। এছাড়া আদালতে চলমান ২৩১টি মামলা আপসের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।