বলিউডের জনপ্রিয় র‍্যাপার ও সংগীতশিল্পী বাদশা তার ব্যক্তিগত জীবনে এক নতুন অধ্যায় শুরু করেছেন। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই তারকাযুগলের বিয়ের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরবর্তীতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিশ্চিত করেছে যে, পরিবারের ঘনিষ্ঠজন ও বন্ধুদের উপস্থিতিতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ইশা রিখির মা পুনম রিখি ইনস্টাগ্রামে প্রথাগত বিয়ের আচারের কিছু ছবি শেয়ার করার পর থেকেই ভক্তদের মধ্যে এই সুখবরটি জানাজানি হয়।

জানা গেছে, ইশা এবং বাদশার প্রথম পরিচয় হয়েছিল এক বন্ধুর পার্টিতে। সেখান থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রথম স্ত্রী জেসমিন মাসিহর সঙ্গে ২০২০ সালে বিচ্ছেদের প্রায় ছয় বছর পর দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিলেন বাদশা। বিয়ের ভাইরাল হওয়া ছবিগুলোতে এই দম্পতিকে ঐতিহ্যবাহী পোশাকে মালাবদল করতে দেখা গেছে। 

যদিও নবদম্পতি এখনো আনুষ্ঠানিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ঘোষণা দেননি, তবে ইশার মায়ের শেয়ার করা ছবিগুলো তাদের নতুন জীবনের শুভ সূচনার প্রমাণ দিচ্ছে।

এর আগে, ২০১২ সালে জেসমিন মাসিহর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাদশা। তাদের সংসারে জেসমিন গ্রেস মাসিহ সিং নামে একটি কন্যাসন্তান রয়েছে। ২০১৭ সালে মেয়ের জন্মের পর থেকেই তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এবং দীর্ঘ আট বছরের সংসার জীবনের ইতি টেনে ২০২০ সালে তারা আইনগতভাবে আলাদা হয়ে যান। 

এক সাক্ষাৎকারে বাদশাহ জানিয়েছিলেন, লন্ডনে বড় হওয়া জেসমিনের পক্ষে ভারতীয় সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছিল এবং সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করেই তারা বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। বর্তমানে বাদশার মেয়ে তার মায়ের সঙ্গে লন্ডনে থাকলেও নিয়মিত মেয়ের সঙ্গে যোগাযোগ রাখেন এই গায়ক। 

তিক্ত অতীত পেছনে ফেলে ইশার সঙ্গে বাদশার এই নতুন পথচলাকে ভক্তরা ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন।

চণ্ডীগড়ের মেয়ে ইশা রিখি মূলত পাঞ্জাবি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ এবং একজন সফল মডেল। ২০১২ সালে ব্লকবাস্টার ছবি ‘জাট অ্যান্ড জুলিয়েট’-এ একটি ছোট চরিত্রের মাধ্যমে বড় পর্দায় তার যাত্রা শুরু হলেও ২০১৩ সালে ‘জাট বয়েজ পুত জাটান দে’ ছবির মাধ্যমে তিনি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর ‘হ্যাপি গো লাকি’, ‘আরদাস’ এবং ‘মিন্ডো তসিলদারনি’-র মতো জনপ্রিয় পাঞ্জাবি সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের নজরে আসেন। ২০১৮ সালে ‘নবাবজাদে’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ইশার, যেখানে তার সঙ্গে দেখা গিয়েছিল বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুরকেও। 

অভিনয়ের পাশাপাশি তিনি নামী সব ফ্যাশন ডিজাইনারদের হয়ে র‍্যাম্প মডেলিং এবং অমিতাভ বচ্চনের সঙ্গে একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন।

সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/কেএইচটি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews