ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব মঞ্চে নিজেদের অবস্থান ধীরে ধীরে শক্ত করছে বাংলাদেশ। সাম্প্রতিক আইসিসির বার্ষিক টি-টোয়েন্টি র্যাঙ্কিং হালনাগাদে শ্রীলঙ্কাকে টপকে এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে টাইগাররা, যা দলের ধারাবাহিক উন্নতিরই প্রতিফলন। গতকাল পূর্ব নিধারিত দিনে পুরুষ ও নারী টি-টোয়েন্টি দলের র্যাঙ্কিংয়ের বাৎসরিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। নারী ক্রিকেটে র্যাঙ্কিংয়ে না এগুলেও রেটিং পয়েন্ট বাড়িয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে নিগার সুলতানা জ্যোতির দল। মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে ৫। তাদের আগের পয়েন্ট ছিল ১৯৪, এখন ১৯৯। নবম স্থানে থাকা আয়ারল্যান্ডের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে বাংলাদেশ। ১ মে প্রকাশিত মেয়েদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছিল মেয়েরা।
আইসিসির বার্ষিক এই হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলোর ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ম্যাচের ৫০ শতাংশ পয়েন্ট বিবেচনা করা হয়েছে। ২০২৩ সালের মে মাসের আগের ম্যাচগুলোর হিসাব বাদ দেওয়া হয়েছে। এই সমীকরণে ৬ রেটিং পয়েন্ট হারিয়েছে শ্রীলঙ্কা, ফলে তারা নবম স্থানে নেমে গেছে। বর্তমানে শ্রীলঙ্কার ঠিক এক পয়েন্ট পেছনে দশম স্থানে আছে আফগানিস্তান। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাধারী ভারত ২৭৫ পয়েন্ট নিয়ে নিজেদের শীর্ষ স্থান ধরে রেখেছে। তবে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের (২৬২) সঙ্গে তাদের ব্যবধান ১৪ থেকে কমে ১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ২৫৮ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া রয়েছে তৃতীয় স্থানে। র্যাঙ্কিংয়ের শীর্ষ সাতটি অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। নিউজিল্যান্ড (২৪৭), দক্ষিণ আফ্রিকা (২৪৪), পাকিস্তান (২৪০) এবং ওয়েস্ট ইন্ডিজ (২৩৩) যথাক্রমে চতুর্থ থেকে সপ্তম স্থানে আছে।
র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে যুক্তরাষ্ট্র। ছেলেদের ক্রিকেটে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে টপকে তারা এখন ১৩তম স্থানে। অন্যদিকে নেপাল সংযুক্ত আরব আমিরাতকে টপকে ১৭তম এবং ওমান কানাডাকে পেছনে ফেলে ১৯তম স্থানে উঠে এসেছে। উল্লেখযোগ্য উন্নতি করেছে ইতালি (২৩তম), স্পেন (২৬তম), সাইপ্রাস (৫৩তম) এবং ইসোয়াতিনি (৬৫তম)। সর্বশেষ হালনাগাদে পুরুষ দলের সংখ্যা ১০২ থেকে কমে ৯৮-তে দাঁড়িয়েছে। গত তিন বছরে প্রয়োজনীয় অন্তত ৮টি টি-টোয়েন্টি ম্যাচ না খেলায় ফিজি, গাম্বিয়া, গ্রিস এবং ইসরায়েল র্যাঙ্কিং থেকে বাদ পড়েছে। মোজাম্বিক সবচেয়ে বেশি ১৫ ধাপ নিচে নেমে গেছে।
নারী ক্রিকেটে শীর্ষ ১৬টি অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ২৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া, দ্বিতীয় স্থানে ইংল্যান্ড (২৭৫) এবং তৃতীয় স্থানে ভারত (২৬৪)। এ ছাড়া নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ থেকে ষষ্ঠ স্থানে রয়েছে। সপ্তম স্থানে থাকা শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে মাত্র ১ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে আছে (২৩৭)। ২১৬ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে পাকিস্তান। র্যাঙ্কিং থেকে বাদ পড়েছে কম্বোডিয়া ও পেরু। র্যাঙ্কিং ফিরে পেতে আরও চারটি ম্যাচ খেলতে হবে তাদের। গত তিন বছর কোনো ম্যাচ না খেলায় তালিকায় নেই পেরু। বর্তমানে ৭৮টি নারী দল আইসিসি র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে।
আগামীকাল পুরুষদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করবে আইসিসি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতা বাংলাদেশ এখানেও আছে সুখবরের আশায়।