বলিউডের শাহেনশাহখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনপুত্র অভিষেক বচ্চন ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউডের সফর শুরু করেন। এ সিনেমাটির মূল শুটিং হয়েছিল গুজরাটের কচ্ছ এলাকায়। সেখানেই জীবনের শুরু। আর জয়পুরের সঙ্গে তার ব্যক্তিগত আবেগও জড়িয়ে রয়েছে। তবে জয়পুর ও মুম্বাইয়ের একটি স্টুডিওতে এ সিনেমার কিছু গুরুত্বপূর্ণ অংশের শুটিং হয়েছিল।

তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমের গল্পে বিশেষ জায়গা করে নিয়েছে ভারতের জয়পুর। কারণ এ শহরেই তাদের প্রেমের শুরু। ২০০৬ সালে ‘উমরাও জান’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় তাদের সম্পর্ক তৈরি হয়। সিনেমাটির কিছু অংশের শুটিংও হয়েছিল জয়পুরে।

এ ছাড়া ২০১৪ সালে প্রথমবার ব্যবসায়ীর ভূমিকায় পা রাখেন অভিষেক বচ্চন। প্রো-কাবাডি লিগের প্রথম মৌসুমের আগে জয়পুর দল কিনে নিয়েছিলেন তিনি। কিন্তু এত শহর থাকতে জয়পুরকেই কেন বেছে নিয়েছিলেন অভিষেক? সম্প্রতি এক পডকাস্টে সেই উত্তর দিয়েছেন অভিনেতা। জানিয়েছেন তার প্রথম সিনেমার একটি অংশের শুটিং হয়েছিল জয়পুরে। তাই নতুন কিছু শুরু করার জন্য শহরটিকে তার শুভ বলে মনে হয়।

শুধু কাবাডি ম্যাচে শহর নির্বাচনের ক্ষেত্রেই নয়, দলের নামকরণের মধ্যেও পরিবারের ছোঁয়া রেখেছিলেন অভিষেক। ‘জয়পুর পিংক প্যান্থার্স’-এর নেপথ্যে ছিল অন্য ঘটনা। সেই সময়ে অভিষেকের মেয়ে আরাধ্যার প্রিয় রঙ ছিল গোলাপি। তাই কন্যার পছন্দের কথা মাথায় রেখেই এই নাম রেখেছিলেন তিনি। ২০১১ সালে অভিষেক ও ঐশ্বরিয়ার কন্যা আরাধ্যার জন্ম হয়।

অভিষেক ও ঐশ্বরিয়ার একসঙ্গে কাজ শুরু যদিও ‘উমরাও জান’-এর আগেই। ২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’ সিনেমায় প্রথম একসঙ্গে দেখা যায় তাদের। অভিষেকের প্রথম সিনেমা ‘রিফিউজি’ মুক্তির কয়েক মাস পরেই সেই সিনেমা মুক্তি পায়। পরে ২০০৩ সালে ‘কুছ না কহো’-তে আবার জুটি বাঁধেন তারা। এর পর ২০০৫ সালে ‘বান্টি অউর বাবলি’ সিনেমার জনপ্রিয় নাচের গান ‘কাজরা রে’-তে একসঙ্গে দেখা যায় অভিষেক ও ঐশ্বরিয়াকে। তাদের সঙ্গে ছিলেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনও। ‘উমরাও জান’-এর পর ২০০৬ সালে ‘ধুম ২’ সিনেমাতেও একসঙ্গে অভিনয় করেন এ তারকা জুটি। তারপর মণি রত্নমের সিনেমা ‘গুরু’-তে আবার জুটি বাঁধেন তারা। সিনেমাটি মুক্তির আগে তাদের বাগদানের কথা প্রকাশ্যে আসে। সেই বছরই বিয়ে করেন তারা।

উল্লেখ্য, দাম্পত্য জীবনের ১৯ বছর পার করেছেন  অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতি। স্ত্রীকে নিজের ‘আত্মার সঙ্গী’ বলেও উল্লেখ করেছেন অভিষেক। তাদের সম্পর্কের অন্যতম রহস্য হিসেবে তিনি প্রতিদিন স্ত্রীকে তিনবার ‘সরি’ বলার মজার পরামর্শও দিয়েছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews