কোনো স্বজনপ্রীতি নয়, দেশের স্বার্থে নিজের জামাতাকেও দল থেকে বাদ দেয়ার দাবি তুললেন শহিদ আফ্রিদি। বাদ দিতে বলেছেন বাবর আজম ও শাদাব খানদের মতো অভিজ্ঞদেরও।

গতরাতে ভারতের বিপক্ষে অসহায় হারের পর ক্ষুব্ধ শহিদ আফ্রিদি এমন দাবি জানান। সিনিয়ররা ব্যর্থ দাবি করে তাদের জায়গায় তরুণদের খেলানোর কথা বলছেন সাবেক অধিনায়ক।

ম্যাচ শেষে সামা টিভিকে আফ্রিদি বলেন, ‘যদি এখানে আমাকে সিদ্ধান্ত নিতে হতো, তাহলে আমি এমনকি শাহিনকেও বসিয়ে দিতাম। বাবরকেও বসাতাম, আর শাদাবকেও বিশ্রাম দিতাম।’

‘আমি নতুন ছেলেদের খেলাতাম, তরুণদের সুযোগ দিতাম। আর নামিবিয়ার বিপক্ষে আমাদের ম্যাচে আমি তাদের ওপরই ভরসা রাখতাম, আত্মবিশ্বাস দিতাম ও খেলিয়ে যেতাম।’

আফ্রিদি আরো যোগ করেন, ‘আমরা অনেক দিন ধরেই দেখছি— তারা বার বার সুযোগ পাচ্ছে। আর প্রতিবারই আশা করি যে তারা এমন দলের বিপক্ষে ভালো করবে। যেহেতু এরা সিনিয়র খেলোয়াড়।’

এরপর পাল্টা প্রশ্ন তুলে আফ্রিদি বলেন,‘যদি তারা তোমার জন্য পারফর্মই না করে, তাহলে বেঞ্চে বসে থাকা জুনিয়রদের খেলাবে না কেন? আসলে বড় পার্থক্যটাই বা কী?’

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে গতরাতে (রোববার) পাকিস্তানকে ৬১ রানে হারায় ভারত। তাদের দেয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়ায় কলম্বোতে ১১৪ রানে গুটিয়ে যায় সালমান আগার দল।

ব্যাট হাতে যেন একপ্রকার অসহায় আত্মসমপর্ণ করেছে পাকিস্তান। যেখানে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বাবর (৫) ও শাদাব (১৪)। অন্যদিকে বল হাতে শাহিন ১ উইকেট নিলেও ২ ওভারে রান দেন ৩১।

সিনিয়রদের এমন ব্যর্থতায় দলের হারের পর ক্ষোভে ফুঁসছে পুরো পাকিস্তান। সমর্থকেরা দাবি তুলেছেন এই তিন তারকাকে দল থেকে বাদ দেয়ার। যার সাথে সুর মেলালেন শহিদ আফ্রিদিও।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews