ইউরোপীয় ফুটবলে বর্ণবাদ নতুন কিছু নয়। মাঠ কিংবা মাঠের বাইরে যার দেখা মিলেছে বহুবার। তবে এবার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হলেন হামজা চৌধুরী।

শনিবার ফ্র্যাটন পার্কে পোর্টসমাউথের মুখোমুখি হয় লেস্টার সিটি। এই ম্যাচেই মাঠ ছাড়ার সময় স্বাগতিক দর্শকদের আপত্তিকর ও বর্ণবাদী মন্তব্যের শিকার হন তিনি।

পরে সেই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে রেফারির কাছ থেকে হলুদ কার্ডও দেখতে হয় এই মিডফিল্ডারকে।

ঘটনার সূত্রপাত ৭১ মিনিট। চোট থেকে সেরে ওঠায় ম্যাচের শুরু থেকেই হামজাকে খেলান লেস্টার কোচ গ্যারি রোয়েট। মাঠে বেশ তেজোদীপ্ত দেখা যায় তাকে।

তবে ৬৩ মিনিটে ইবান বোয়াতের গোলে পিছিয়ে পড়ে লেস্টার। এমতাবস্থায় ম্যাচে ফিরতে মরিয়া লেস্টার ৭১ মিনিটে হামজাকে তুলে নিয়ে জর্ডান জেমসকে নামায়।

বদলি হয়ে মাঠ ছাড়ার সময় স্বাগতিক দর্শকদের কাছ থেকে বর্ণবাদী মন্তব্যের শিকার হন তিনি। এমতাবস্থায় মেজাজ হারিয়ে গ্যালারির দিকে তাকিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করেন হামজা।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে ছুটে আসেন রেফারি। তখন তার দিকে তাকিয়েও রাগান্বিত অঙ্গভঙ্গি করতে দেখা যায় হামজাকে। কিন্তু সেটি আমলে নেননি রেফারি।

উল্টা বদলি হয়ে বাইরে চলে যাওয়া হামজাকে হলুদ কার্ড দেখান তিনি। এতে আরো ক্ষিপ্ত হয়ে যান হামজা। দলের এক কোচকে ধাক্কা দিয়ে ডাগআউটে গিয়ে বসে পড়েন তিনি।

এদিকে ম্যাচের ফলও যায় হামজাদের বিপক্ষে। ইবান বোয়াতের গোলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। এই পরাজয়ে দ্বিতীয় স্তর থেকেও অবনমনের শঙ্কায় পড়ে গেছে লেস্টার।

৪৩ ম্যাচে তাদের ঝুলিতে মাত্র ৪১ পয়েন্ট। ২৪ দলের লিগে তাদের অবস্থান আপাতত ২৩ নম্বরে। বাকি থাকা তিন ম্যাচে জয়ের পাশাপাশি অন্যদের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews