গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাস্তায় আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কবির হোসেন তালুকদারকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার ডুমরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজারের চৌরঙ্গী থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিন বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার কবির হোসেন তালুকদার উপজেলার ডুমরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। এছাড়া বর্তমানে তিনি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সদস্য।
এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান।
তিনি বলেন, গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের পর উপজেলার শিশু পার্কের পাশের সড়কে দেশীয় অস্ত্রশস্ত্রসহ লাঠিসোটায় সজ্জিত হয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। সেই মামলায় তদন্তে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় গত বছরের ২০ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন। মামলায় নিষিদ্ধ সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানকে প্রধান আসামি করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের মোট ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ