মোংলার প্রত্যন্ত অঞ্চলের চিলা ব্রিজে এখন শোভা পাচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিলসহ বিভিন্ন দেশের মোট ১৮০টি পতাকা। একেক দলের ভক্তরা তাদের পছন্দের পতাকা টানিয়েছেন ব্রিজের দুই পাশে। বড় দল আর্জেন্টিনা ও ব্রাজিলসহ বিভিন্ন দেশের পতাকায় সজ্জিত হয়ে ব্রিজটি এখন দৃষ্টিনন্দন রূপ ধারণ করেছে।

বিকাল গড়াতেই বিভিন্ন দলের সমর্থকেরা ব্রিজের ওপর আড্ডা জমাচ্ছেন। ফুটবলকে ঘিরে সমর্থক গোষ্ঠীগুলোর মধ্যে এক ধরনের প্রতিযোগিতার আবহ বিরাজ করছে— কে কত বেশি ও বড় পতাকা টানাতে পারেন।

তবে সবার মধ্যে রয়েছে আন্তরিকতা ও সম্প্রীতির বার্তা। সবাই মিলেমিশে খেলা দেখবেন, আনন্দ উপভোগ করবেন। কেউ যেন খেলা নিয়ে বাকবিতণ্ডায় না জড়ান, সে বিষয়েও তারা সতর্ক রয়েছেন।

এদিকে পতাকায় সুসজ্জিত চিলা ব্রিজ দেখতে আশপাশের এলাকার লোকজন সেখানে ভিড় জমাচ্ছেন।

চিলা গ্রামের বাসিন্দা আর্জেন্টিনা সমর্থক চন্দন সরকার বলেন, আমরা গ্রামের ফুটবলপ্রেমীরা আমাদের চিলা ব্রিজটি আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ফ্রান্স ও জার্মানিসহ বিভিন্ন দেশের দলের পতাকা টানিয়েছি। ব্রিজটি পতাকা দিয়ে সাজিয়েছি মূলত আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে। আমরা সবাই মিলে অনেক আনন্দ করতে চাই। বর্তমানে বিশ্ব ফুটবল জোয়ারে ভাসছে। আমরা আশা করি ও বিশ্বাস করি এবার আর্জেন্টিনা শিরোপা জিতবে।

একই গ্রামের ব্রাজিল সমর্থক চন্দ্রিকা মণ্ডল বলেন, ফুটবল বিশ্বকাপ ঘিরে চিলা ব্রিজ বিভিন্ন দলের পতাকা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। আমরা শতভাগ আশাবাদী এবার ব্রাজিল জিতবে। তবে সকলের কাছে অনুরোধ, আমরা একসাথে খেলা দেখবো, আনন্দ করবো। কিন্তু কেউ কাউকে ট্রল করা থেকে বিরত থাকবো, কেউ যেন হানাহানিতে না জড়াই।

বিডিপ্রতিদিন/কেকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews