জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ সা:-এর জীবন ও কর্মই হতে পারে সর্বোত্তম আদর্শ। মহানবী সা: শ্রমিকের পারিশ্রমিক যথাসময়ে পরিশোধ এবং তাদের সাথে সম্মানজনক আচরণের শিক্ষা দিয়েছেন। তাঁর সীরাতে শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার যে দৃষ্টান্ত রয়েছে, তা অনুসরণ করেই ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
তিনি বলেন, দেশের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইসলামী শ্রমনীতি ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া শ্রমজীবী মানুষের কাঙ্ক্ষিত মুক্তি সম্ভব নয়। মহানবী সা:-এর সীরাত অনুসরণের মাধ্যমে জীবন পরিচালনার শপথ নিতে হবে এবং ইসলাম ও মানবতার বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে সীরাতুন্নবী সা: উপলক্ষে সিলেট জেলা আইনজীবী সমিতির ২নং বার হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত সীরাত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: ফয়জুল হক।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমির ও সিলেট সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফেডারেশনের সিলেট মহানগর সহ-সভাপতি মিয়া মোহাম্মদ রাসেল, এস এম মনোয়ার, সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, আক্কাস আলী, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দিলশাদ মিয়া, অর্থ সম্পাদক আব্দুল জলিল এবং অফিস ও প্রচার সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ।
সেমিনারে ফেডারেশনের সিলেট মহানগর নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন থানা ও ট্রেড ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ অংশ নেন।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: ফয়জুল হক বলেন, মহানবী সা:-এর পুরো জীবনই মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। শ্রমিকের গুরুত্ব, অধিকার ও মর্যাদা জানতে হলে রাসূল সা:-এর সীরাতের দিকে ফিরে যেতে হবে। মালিক-শ্রমিকের সম্পর্ক কেমন হওয়া উচিত, সে বিষয়েও কোরআন-সুন্নাহর নির্দেশনা অনুসরণ করা প্রয়োজন। এতে কর্মক্ষেত্রে ন্যায় ও পারস্পরিক কল্যাণ প্রতিষ্ঠার পাশাপাশি জীবনে বরকত আসবে।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর জামায়াতের নায়েবে আমির ও সিলেট সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল বলেন, শ্রমজীবী মানুষ দেশের অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। তাদের শ্রম ও ঘামের ওপর দেশের অর্থনীতির ভিত্তি গড়ে উঠলেও দিন শেষে তারাই সবচেয়ে বেশি অবহেলা ও নির্যাতনের শিকার হন। মহানবী সা: শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর জীবনাদর্শ অনুসরণ করে মানবিক সমাজ বিনির্মাণে শ্রমজীবী মানুষকে এগিয়ে আসতে হবে।