ফিলিপাইনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬’-এর মুকুট জিতেছেন মিসবাহ আরশাদ। এই অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি।
চূড়ান্ত পর্বের প্রশ্নোত্তরে বিচারকদের নজর কাড়েন মনোবিজ্ঞানের শিক্ষার্থী মিসবাহ। তাকে নিজের ১০ বছর বয়সি ও ৮০ বছর বয়সি দুই সত্তার মধ্যে কার প্রশ্নের উত্তর দেওয়া বেশি কঠিন হবে, এমন প্রশ্ন করা হয়। জবাবে মিসবাহ জানান, ছোটবেলার নিজের কাছ থেকেই কঠিন প্রশ্ন আসবে। কারণ সেই বয়সের মিসবাহ জানতে চাইবে, ভবিষ্যতে তার জীবন কেমন হয়েছে।
নিজের শৈশবের সত্তার উদ্দেশে মিসবাহ বলেন, জীবনে নানা ব্যর্থতা এলেও তিনি বারবার ঘুরে দাঁড়িয়েছেন। তার মতে, জীবনের উত্থান-পতন শুধু মেনে নিলেই হয় না, সেগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হয়।
মিসবাহর আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতাও রয়েছে। এর আগে ২০২৩ সালে ‘মিস ইন্টারন্যাশনাল’ এবং ২০২৪ সালে ‘মিস সুপ্রান্যাশনাল’-এ পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন তিনি।
এবার পুয়ের্তো রিকোয় অনুষ্ঠেয় ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় পাকিস্তানের হয়ে অংশ নেবেন মিসবাহ আরশাদ। ২০২৩ সালে ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরুর পর এরিকা রবিন, নূর জারমিনা ও রোমা রিয়াজ দেশটির প্রতিনিধিত্ব করেছেন।