খুলনার কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাব্বির হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা তার চাচাতো ভাই রাজ (২০) গুরুতর আহত হন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কয়রা-বেতগ্রাম আঞ্চলিক সড়কের ফুলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির উপজেলার মহারাজপুর গ্রামের মাওলানা আবুল বাশারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি কয়রা সদরের দিকে যাচ্ছিল। ফুলতলা বাজারের উত্তর পাশের একটি বাঁক ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যান। এ সময় সড়কের পাশের পিলারের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। সাব্বিরের মাথায় গুরুতর আঘাত লাগে এবং রাজ ছিটকে কিছু দূরে পড়ে যান।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত রাজের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।