ইরাকের বিপক্ষে দুর্দান্ত জয় পেল ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল আর উসমান দেম্বেলের অভিষেক গোলে ইরাককে ৩-০ গোলে হারাল ফরাসিরা। তবে ম্যাচটি অতটা সহজও ছিল না। মাঝপথে খারাপ আবহাওয়ার কারণে দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল খেলা।

তবে ফ্রান্স এখন বলতেই পারে, ঝড়ও আমাদের থামাতে পারেনি। ইরাকের বিপক্ষে দাপুটে এই জয়ে দলটি চলে গেছে শেষ ৩২-এ। 

মাত্র ১৪ মিনিটেই ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে বল কোণ ঘেঁষে জালে জড়ান তিনি। গোলরক্ষকের কিছুই করার ছিল না।

প্রথমার্ধের শেষ দিকে বিপত্তি বাধে। ফিলাডেলফিয়ায় ঘন কালো মেঘ আর বজ্রপাতের আশঙ্কায় খেলা সাময়িকভাবে বন্ধ করে দেয় ফিফা। স্টেডিয়ামের বড় পর্দায় দর্শকদের গ্যালারি ছেড়ে নিরাপদ জায়গায় যেতে বলা হয়। গ্যালারিও প্রায় ফাঁকা হয়ে যায়। নিয়ম অনুযায়ী সর্বশেষ বজ্রপাতের পর ৩০ মিনিট অপেক্ষা করে খেলা শুরু হওয়ার কথা। শেষমেশ দুই ঘণ্টারও বেশি সময় পর আবার মাঠে নামে দুই দল।

বিরতির পর মাঠে নেমেই তৎপর হয় ফ্রান্স। ইরাকি গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে ম্যাচের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। এই গোলে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে ছুঁয়ে ফেললেন তিনি। দুজনের গোলসংখ্যা এখন ১৬।

এরপর তৃতীয় গোলের নায়ক হলেন উসমান দেম্বেলে। মাইকেল ওলিস বল নিয়ে দুর্দান্ত গতিতে সামনে এগিয়ে বক্সের মধ্যে দেম্বেলেকে খুঁজে নেন। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে বিশ্বকাপে নিজের প্রথম গোলটি পেলেন দেম্বেলে।

এই ম্যাচ এমবাপ্পের জন্য ছিল বিশেষ। মাত্র ২৭ বছর বয়সে ফ্রান্সের হয়ে শততম আন্তর্জাতিক ম্যাচ খেললেন এই তারকা। এই জয়ে গ্রুপ আই থেকে সবার আগে শেষ ৩২-এ পৌঁছে গেল ফ্রান্স। আগের ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছিল তারা।

নকআউট নিশ্চিত হলেও শীর্ষস্থান এখনও নিশ্চিত নয় তাদের। শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে জিতলে তবেই গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত হবে তাদের।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews