বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইতিহাসে রেকর্ড ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল।  বিসিবির ইতিহাসে তিনিই প্রথম অ্যাডহক ও নির্বাচিত কমিটির সভাপতি হলেন। বিসিবির ক্যাটাগরি-২-এর ৭৬ কাউন্সিলরের ৭৩ ভোট পেয়ে ইতিহাস গড়েছেন ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম। অবশ্য নির্বাচনে ক্যাটাগরি-২-এ ভোট পড়েছে ৭৫টি। একজন ভোটার ভোট দেননি। পরিচালক নির্বাচনের পর সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক অধিনায়ক এখন বিসিবির নির্বাচিত নতুন সভাপতি। ১৯৭২ সালের সেপ্টেম্বরে গঠিত হয় বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিবি)। যা এখন বিসিবি নামে পরিচিত। ক্রিকেট বোর্ডের প্রথম সভাপতি ছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলি। তিনি বাফুফে ছাড়া ওই সময় সব ফেডারেশনের সভাপতি ছিলেন। এবার তামিম হলেন বোর্ডেও ১৮তম সভাপতি। বিসিবির নতুন সহসভাপতি আবাহনী ক্লাবের কাউন্সিলর ফাহিম সিনহা। পরিচালক হিসেবে তিনি ভোট পেয়েছেন ৬৬টি। বিসিবির বহুল আলোচিত নির্বাচনে ২৩ পরিচালকের ১৫ জন গতকাল নির্বাচিত হয়েছেন ভোটারদের সরাসরি ভোটে। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন ক্যাটাগরি-৩ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর এবং ক্যাটাগরি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন ৭ পরিচালক।

নির্বাচনে ভোট দিতে সকাল ১০টা থেকেই কাউন্সিলররা একে একে উপস্থিত হন মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে। গঠনতন্ত্র অনুযায়ী ক্যাটাগরি ১, ২ ও ৩-এর ভোটার সংখ্যা ১৯২। কিন্তু ভোটার তালিকায় নাম ছিল ১৮৪ নির্বাচিত কমিটিভোটারের। ৬ জেলা ও সংস্থা নাম পাঠায়নি তাদের কাউন্সিলরদের। ক্যাটাগরি-৩-এ ভোটার সংখ্যা ৪৫। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়ায় এই ক্যাটাগরির ভোটাররা ভোট দেননি। ক্যাটাগরি-১-এ ভোটার বিভাগ ও জেলা মিলিয়ে ৭১। এর মধ্যে ভোট দিয়েছেন বরিশাল বিভাগ ও খুলনা বিভাগের ভোটাররা। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগের ৭ পরিচালক নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ক্যাটাগরি-১-এ বরিশালের পরিচালক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান ৫ ভোট পেয়ে। খুলনার দুই পরিচালক নির্বাচিত হয়েছেন শফিকুল আলম ও অনিন্দ্য ইসলাম। দুজনেই ভোট পেয়েছেন ১০টি করে।

নির্বাচনে সবার নজর ছিল ক্যাটাগরি-২ বা ক্লাব পরিচালকদের দিকে। ১২ পরিচালক নির্বাচিত হতে প্রার্থী ছিলেন ১৬ জন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানটান উত্তেজনা ছিল ক্লাব পরিচালক ঘিরে। মাত্র ১ ভোটের জন্য নির্বাচিত হতে পারেননি তেজগাঁও ক্রিকেট একাডেমির সৈয়দ বোরহান হোসেন পাপ্পু। তিনি ভোট পেয়েছেন ৪০টি। মাত্র এক ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। যার ভোট ৪১টি। সবচেয়ে কম ভোট পেয়েছেন কাঁঠালবাগান গ্রিন ক্রিকেট একাডেমির মেজর (অব.) ইমরোজ আহমেদ।

ক্যাটাগরি-২-এ নির্বাচিত কাউন্সিলররা : তামিম ইকবাল (ওল্ড ডিওএইচএস) ৭৩, ফাহিম সিনহা (ঢাকা আবাহনী) ৬৬, রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র) ৫৩, মির্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং ক্লাব) ৬৩, সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স) ৭২, ইসরাফিল খসরু (এক্সিউম ক্রিকেটার্স) ৭২, মাসুদুজ্জামান (ঢাকা মোহামেডান) ৭০, শানিয়ান তানিম নাভিন (মেরিনার্স ইয়াংস ক্লাব) ৬৬, আসিফ রাব্বানি (শাইনপুকুর) ৬৪, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব) ৬৮, প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম (ওয়ান্ডারার্স ক্লাব) ৪১, সফিক আহমেদ সালাম (পূর্বাচল স্পোর্টিং ক্লাব) ৬৫।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews