অ্যানফিল্ডেও সেই দাপুটে পিএসজি। দারুণ আধিপত্য দেখিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা। বিপরীতে নিজ দূর্গেও দিশেহারা লিভারপুল ছিটকে গেল শিরোপার দৌড় থেকে।

মঙ্গলবার শেষ আটের ফিরতি লেগে লিভারপুলকে তাদেরই ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। এর আগে প্রথম লেগে নিজেদের মাঠেও ২-০ গোলে জয় পায় তারা। অর্থাৎ দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে উঠেছে ফরাসি জায়ান্টরা।

এদিন দু’টি গোলই করেছেন প্রথম লেগে গোল না পাওয়া উসমান দেম্বেলে।

অ্যানফিল্ডে শুরু থেকেই জমে ওঠে লড়াই।তবে স্বাগতিক সমর্থকদের গর্জন আর গান যেন লিভারপুলকে দিচ্ছিলো বাড়তি অনুপ্রেরণা। যদিও আক্রমণে এগিয়ে ছিল পিএসজিই।

মিনিট পঁচিশ পেরোতেই বড় ধাক্কা আসে লিভারপুল শিবিরে। চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন হুগো একিটিকিকে। বদলি নামেন মোহামেদ সালাহ। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

বিরতির পর ক্ষুরধার হয়ে উঠে লিভারপুল। একের পর এক আক্রমণে পিএসজির রক্ষণে চাপ তৈরি করে স্বাগতিকেরা। এই যখন অবস্থা, ঠিক তখনই ম্যাচের মোড় ঘুরে যায়।

ঘুরিয়ে দেন উসমানে দেম্বেলে। ৬৭তম মিনিটে পাল্টা আক্রমণে ডি-বক্সের বাইরে থেকে নিখুঁত শটে এগিয়ে দেন পিএসজিকে। গোলটি কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

এরপর যোগ করা সময়ের শুরুতেই আবারো দ্রুত আক্রমণ থেকে দলকে গোল এনে দেন দেম্বেলে। ব্রেডলি বার্কোলার পাস পেয়ে সহজেই বল জালে জড়ান তিনি। দলকে এনে দেন শেষ চারের টিকিট।

ফাইনালে ওঠার লড়াইয়ে পিএসজিকে খেলতে হবে বায়ার্ন মিউনিখ বা রিয়াল মাদ্রিদের বিপক্ষে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews