ম্যানচস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়েছে আগেই। তবে ঘরোয়া ট্রেবল জয়ের সুযোগ রয়েছে ক্লাবটির কোচ পেপ গার্দিওলার। এই নিয়ে চাপে আছেন এ স্পেনিয়ার্ড কোচ। এ চাপের মধ্যেও কাজ করার জন্য এখনও প্রচুর শক্তি আছে বলে মন্তব্য করেছেন ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা।

পুরো মৌসুম জুড়েই জল্পনা-কল্পনা চলছে যে, এক দশক দায়িত্বে থাকার পর গার্দিওলা এই মৌসুম শেষে ম্যানসিটি ছেড়ে যেতে পারেন। কিন্তু তারপরও ক্লাব নিয়ে ক্রমাগত প্রশংসা করেই চলেছেন বিশ্বের অন্যতম সেরা কোচদের একজন।

গার্দিওলা বলেছেন, ‘এই অসাধারণ পরিবেশটা না থাকলে, ভালো ভালো শিরোপা থাকা সত্ত্বেও আমি ১০ বছর টিকে থাকতে পারতাম না। আমার এখনও প্রচুর শক্তি আছে, আমি এখনও খুব ভালো আছি, ছুটির দিনেও এখানে কাজ করতে আসি।’

‘অবশ্যই আমরা এখানে আছি কারণ আমরা অনেক জিতেছি। আর এ কারণেই তারা আপনাকে বরখাস্ত করে না, কারণ তারা আপনার ওপর আস্থা রাখে। কিন্তু তা ছাড়াও, ক্লাবটি সত্যিই অসাধারণ। এখানকার মানুষজন সব খুঁটিনাটি বিষয়ে আমাদের সবার খেয়াল রাখে। এই ছোট ছোট বিষয়গুলোর মানে হলো, একজন ম্যানেজার হিসেবে আমার এবং খেলোয়াড়দের কাজ হলো শুধু এটা ভাবা যে, নিজেদের কী করতে হবে।’

‘এটা একটা বুদবুদের মতো যা মানুষকে ভালো অনুভব করায়। এটা একটা বড় ক্লাব, কিন্তু এখানকার পরিবেশটা একটা পরিবারের মতো। খেলোয়াড়রা খেলতে না পারায় হতাশ হতে পারে, এটা স্বাভাবিক, এটা বোধগম্য। কিন্তু বাকিদের নিয়ে কারও কোনো অভিযোগ নেই।’ ক্লাবের পরিবেশ নিয়ে বলছিলেন গার্দিওলা।

ঘরোয়া ট্রেবলের চাপ নিয়ে গার্দিওলা বলেন, ‘খেলার আগের কয়েক ঘণ্টায় আমি ব্যাপারটা অনুভব করি, কিন্তু দুই ম্যাচের মধ্যবর্তী সময়ে আমি বেশ শান্ত থাকি। গত মৌসুমে আমি ২৪ ঘণ্টাই ভাবতাম, ‘আমরা যদি চ্যাম্পিয়ন্স লিগের জন্য যোগ্যতা অর্জন করতে না পারি, তাহলে ক্লাবে কী হবে? আমি ব্যাপারটি খুব বেশি অনুভব করতাম।’

‘আমি সেই দলগুলোর কথা কল্পনাও করতে পারি না, যারা অবনমন এড়ানোর জন্য লড়াই করছে। এই মৌসুমে আমরা কারাবাও কাপ জিতেছি, আবারও এফএ কাপের ফাইনালে উঠেছি এবং এখনও আর্সেনালের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews