চিকিৎসার জন্য থাইল্যান্ড সফরে যাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আগামী ১৩ সেপ্টেম্বর তাঁর থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্ত্রীর ভ্রমণের বিস্তারিত জানিয়ে তাঁর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস জানান, আগামী ১৩ সেপ্টেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সেখানে নিয়মিত চিকিৎসাসেবা গ্রহণ ও সরকারি নির্ধারিত কাজ শেষ করে আগামী ২০ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার সূচি রয়েছে।
জানা গেছে, মন্ত্রী টুকু ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। গত ১ সেপ্টেম্বর জ্বর, শ্বাসকষ্ট ও কাশিজনিত সমস্যায় তাকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।
এর আগে ব্যাংককে তার একটি রক্তনালিতে স্টেন্ট বসানো হয়েছিল। এবার চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়ে তিনি চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা নেবেন।
এইচএসএস