ফ্রাঞ্জ বেকেনবাওয়ার বিশ্ব ফুটবলের একজন কিংবদন্তি। জার্মানির এ কিংবদন্তি ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন। ১৯৭৪ সালে জার্মানির অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতেন। এরপর ১৯৯০ সালে জার্মানি বিশ্বকাপ জেতে বেকেনবাওয়ারের কোচিংয়ে। প্রথম ফুটবলার ও কোচ হিসেবে এই বিরল কীর্তি অবশ্য ব্রাজিলের মারিও জাগালোর। ১৯৫৮ ও ১৯৬২ সালে বিশ্বকাপ জিতেছিলেন। কোচ হিসেবে জেতেন ১৯৭০ সালে। ফ্রান্সের দিদিয়ের দেশচ্যাম্প ১৯৯৮ সালে ফুটবলার এবং ২০১৮ সালে কোচ হিসেবে বিশ্বকাপ জেতেন। ফুটবলে এমন কীর্তি তিনজনের। ক্রিকেটে এই কীর্তি মাত্র একজনের। তিনি ভারতের বাঁ-হাতি ক্রিকেটার গৌতম গম্ভীর। ২০০৭ সালের প্রথম টি-২০ বিশ্বকাপ জিতেছিলেন গম্ভীর। এবার কোচ হিসেবে টি-২০ বিশ্বকাপ জেতেন ২০২৬ সালে। শুধু তাই নয়, ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন গম্ভীর। নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেট ইতিহাসে সাদা বলের সেরা ক্রিকেটার ও কোচদের একজন তিনি। তার কোচিংয়ে ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল ভারত। আশ্চর্যজনকভাবে সত্যি, দুটি ফাইনালের প্রতিপক্ষই নিউজিল্যান্ড। গম্ভীরের মতো বিরল কীর্তি গড়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথম অধিনায়ক হিসেবে স্বাগতিক দলকে টি-২০ বিশ্বকাপ উপহার দিয়েছেন সূর্যকুমার। যদিও ভারত এবার টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে ২০০৭, ২০২৪ সালের পর ২০২৬ সালে তৃতীয়বার বিশ্বকাপ জিতেছে। ২০২৪ সাল থেকে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত ভারত শিরোপা জিতেছে ছয়টি। টি-২০ বিশ্বকাপ ২০২৪ ও ২০২৬, চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫, নারী বিশ্বকাপ ২০২৫, অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ ২০২৬ সালে। অবশ্য ২০২৫ সালে এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। 

সময়টা ভীষণ ভালো কাটছে ভারতের। আইসিসির ট্রফিগুলোতে নারী ও পুরুষ ক্রিকেট দলের সাফল্য প্রশ্নাতীত। দলটি ২০২৪ সাল থেকে সাফল্য পেয়েই আসছে। অবশ্য সাফল্যের সূচনা হয়েছিল ২০২৩ সাল থেকে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০২৪ সাল থেকে সাফল্য ভারতীয় দলের ঘরের সদস্য হয়ে উঠেছে। সেই থেকে শিরোপা পিছু ছাড়ছে না ভারতের। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের জর্জটাউনে টি-২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেবার কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। গম্ভীরের কোচিংয়ে প্রথম কোনো আইসিসি শিরোপা জিতে ভারত। গত নভেম্বরে মুম্বাইয়ে নারী বিশ্বকাপের ট্রফি জিতেছিল হারমানপ্রীত কাউরের নেতৃত্বে ভারত। স্বাগতিক ভারত চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে। চলতি বছর ভারতের পয়মন্ত বছর। এ বছরের শুরুতে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ জিতেছে। জিম্বাবুয়ের হারারেতে ইংল্যান্ডকে ১০০ রানে হারায় ভারত। ৮ মার্চ বিশ্ব নারী দিবসে বিশ্বের সবচেয়ে বড় আহমেদবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে হারায় ৯৬ রানে। ২০২৫ সালে দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ভারত হারিয়েছিল ৫ উইকেটে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews