তুরস্কে তিন দিন তিন রাত ধরে মহাসমারোহে এক বিয়ের অনুষ্ঠান শেষ হলো। গান-বাজনা, হাজারো অতিথির খাওয়াদাওয়াসহ বর-কনের আনন্দের কোনো কমতি ছিল না। 

কিন্তু উৎসবের আমেজ কাটতে না কাটতেই ঘটল এক অদ্ভুত ঘটনা। বিয়ের উপহার হিসেবে পাওয়া প্রায় এক কোটি টাকার গহনা ও নগদ টাকা নিয়ে নতুন কনে হঠাৎ গায়েব হয়ে গেছেন!

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তুরস্কের মুগলা প্রদেশের মিলাস এলাকায়। বরপক্ষের দাবি, উজবেকিস্তান থেকে আসা নতুন কনে মামুরা ঘর থেকে সব সোনাদানা আর নগদ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছেন। খোয়া যাওয়া এই সম্পদের আনুমানিক মূল্য ৪০ থেকে ৫০ লাখ তুর্কি লিরা। কনেকে ঘরে না পেয়ে বর আতেশোগলু পরিবার শেষমেশ সোজা পুলিশের কাছে গিয়ে হাজির হয়।

অভিযোগ পেয়েই দ্রুত কনেকে খুঁজে বের করে আটক করে পুলিশ। তবে কনে মামুরার দাবি একদম আলাদা। তিনি চুরির কথা সরাসরি অস্বীকার করে জানান, বিয়ের পরই স্বামী তাকে গালিগালাজ আর হুমকি-ধামকি দিতে শুরু করেন। অত্যাচারের মুখে টিকতে না পেরে বাধ্য হয়েই তিনি স্বামীর ঘর ছেড়ে নিজের মায়ের বাড়ি চলে যান।

তার দাবি, বরপক্ষের পুরো সোনা তিনি নেননি। সামান্য কিছু টাকা আর অল্প কিছু সোনা তিনি সঙ্গে রেখেছিলেন, আর বাকি প্রধান গহনাগুলো তার শ্বশুরের কাছেই জমা আছে। 

পুলিশ অবশ্য কনের কাছে থেকে কোনো সোনা উদ্ধার করতে পারেনি। বিয়েতে উপহার দেওয়া সোনাদানা আসল কার কাছে আছে এবং বাস্তবে কী ঘটেছিল, তা জানতে পুলিশ এখন জোর তদন্ত চালাচ্ছে।

এনআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews