আর্সেনালের জার্সি গায়ে দেওয়ার পর থেকে একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন ম্যাক্স ডাউম্যান। এভারটনের বিপক্ষে ২-০ গোলের জয়ে গোল করে মাত্র ১৬ বছর ৭৩ দিন বয়সে প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা বনে গেছেন তিনি।
এই মৌসুমে ডাউম্যান ভেঙেছেন একাধিক রেকর্ড। চ্যাম্পিয়নস লিগে খেলা আর্সেনালের সর্বকনিষ্ঠ খেলোয়াড়, আর্সেনালের হয়ে শুরু থেকে নামা সর্বকনিষ্ঠ খেলোয়াড় এবং এফএ কাপে দলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় বনেছেন। ক্লাবের হয়ে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় এবং প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবেও নাম লিখিয়েছেন তিনি। এই জায়গায় তার চেয়ে এগিয়ে আছেন একাডেমির আরেক তারকা ইথান নুওয়ানেরি।
যারা ডাউম্যানের সংক্ষিপ্ত কিন্তু রোমাঞ্চকর ক্যারিয়ার অনুসরণ করেছেন, তাদের কাছে এই অর্জন অবাক করার নয়। ১৪ বছর বয়স থেকেই আর্সেনালের প্রথম দলের সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। কোচ মিকেল আর্তেতা তার প্রতিভার সঙ্গে লিওনেল মেসির তুলনা করেছেন।
এশিয়ায় আর্সেনালের প্রাক-মৌসুম সফরে দলের দুজন ১৫ বছর বয়সীর একজন ছিলেন ডাউম্যান। সেই সফরে দলের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়দের একজন হিসেবে নিজেকে প্রমাণ করেন। নিউক্যাসল ও ভিয়ারিয়ালের বিপক্ষে প্রাক-মৌসুম ম্যাচে পেনাল্টি আদায় করেন। মৌসুমের প্রথম লিগ ম্যাচে লিডসের বিপক্ষেও পেনাল্টি এনে দেন।
আর্তেতা প্রতিটি সুযোগে ডাউম্যানের প্রশংসা করেছেন। আগে বলেছিলেন, তার প্রতিভা না দেখলে 'অন্ধ হতে হতো'। তবে কোচ ও ক্লাব দুজনেই এই কিশোর উইঙ্গারকে পরিচালনায় সতর্ক থেকেছেন।
জানুয়ারিতে ঘোষণা করা হয়, ডাউম্যান আর্সেনালের সঙ্গে প্রাক-চুক্তি স্বাক্ষর করেছেন। আগামী ৩১ ডিসেম্বর ১৭ বছর পূর্ণ হলেই পেশাদার চুক্তি করবেন ইংল্যান্ডের এই ফুটবলার।