দীর্ঘ ছয়-সাত মাস পর আবারও ঢাকার মঞ্চে গান পরিবেশন করতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। আগামী শনিবার (২৯ আগস্ট) রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের কোর্টসাইডে আয়োজিত ‘মনসুন বিটস’ উৎসবে পারফর্ম করবেন তিনি।
সাম্প্রতিক সময়ে দেশের মঞ্চে নিয়মিত দেখা না গেলেও যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় সংগীত সফরে ব্যস্ত ছিলেন প্রীতম। দুই দেশেই দীর্ঘ সময়ের মিউজিক্যাল ট্যুর করেছেন এই শিল্পী। গান ও কনসার্টে বেছে বেছে অংশ নেওয়ায় তাঁর সরাসরি পরিবেশনা নিয়ে ভক্তদের আগ্রহও বেশ।
এনভিরো ইভেন্টসের আয়োজনে ‘মনসুন বিটস’ উৎসবটি মূলত বর্ষার আবহ উদযাপনকে কেন্দ্র করে সাজানো হয়েছে। প্রীতম হাসানের পাশাপাশি অনুষ্ঠানে গান পরিবেশন করবে আর্টসেল, অড সিগনেচার ও রেনেসাঁ। একক পরিবেশনায় থাকবেন ডিজে শিমার ও শিবু।
গানের পাশাপাশি উৎসবে বর্ষাকে ঘিরে থাকছে আরও নানা আয়োজন। অনুষ্ঠানের টিকিট পাওয়া যাচ্ছে টিকিফাইয়ে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে উৎসবটির খবর জানিয়ে ভক্তদের টিকিট সংগ্রহের আহ্বানও জানিয়েছেন প্রীতম।
এদিকে চলতি বছরের এপ্রিলে প্রকাশিত হয়েছে প্রীতম হাসানের সর্বশেষ গান ‘সেকেন্ড নায়ক’। গানটির ভিডিওতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন মালাইকা চৌধুরী ও মীর রাব্বি। এটি নির্মাণ করেছেন নুহাশ হুমায়ূন।