রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর গ্র্যান্ড ক্রাউনিং সেরেমনি। এবারের আসরে সবার সেরা হয়ে বিজয়ীর মুকুট উঠেছে সামানজার সাঈদের মাথায়। এর মধ্য দিয়ে তিনি আগামী ৭৫তম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করেছেন।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে দীর্ঘ বাছাই প্রক্রিয়া শেষে সেরা প্রতিযোগীদের মধ্য থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপ লাবিবা মনজুর।

এবারের প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নেন পাঁচ প্রতিযোগী। তারা হলেন আয়শা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মনজুর, সামানজার সাঈদ ও স্বাগতা সাহা ঐশী। চূড়ান্ত পর্বে প্রত্যেকেই প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে শেষ পর্যন্ত বিজয়ী হিসেবে নির্বাচিত হন সামানজার সাঈদ।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’-এর প্রতিষ্ঠাতা এবং ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ। তিনি বলেন, তরুণদের মডেলিং ও উপস্থাপনায় দক্ষ করে তোলার লক্ষ্য নিয়েই তাদের যাত্রা শুরু হয়েছিল। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির ১০টি ব্যাচ সম্পন্ন হয়েছে এবং সেখান থেকে উঠে আসা অনেকেই এখন শোবিজ অঙ্গনে সফলভাবে কাজ করছেন।

এবারের প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ শিরিন আক্তার শিলা, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ রাফা নানজীবা তোরসা, হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, ‘স্টার লাইফস্টাইল’-এর সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং ‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪’ এফা তাবাসসুম।

আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন শহরে শুরু হবে ৭৫তম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews