কুয়েতের বিরুদ্ধে “শত্রুতামূলক কর্মকাণ্ডের” পরিকল্পনার অভিযোগ অস্বীকার করেছে ইরান। একই সঙ্গে আটক চার ইরানি নাগরিককে অবিলম্বে মুক্তি ও কূটনৈতিক প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তেহরান।
এর আগে কুয়েত দাবি করে, তারা চারজন ব্যক্তিকে আটক করেছে, যাদের বিরুদ্ধে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) সদস্য হওয়ার অভিযোগ আনা হয়েছে। কুয়েতের ভাষ্য অনুযায়ী, তারা নৌপথে বুবিয়ান দ্বীপে অনুপ্রবেশের চেষ্টা করেছিল এবং এ ঘটনায় এক কুয়েতি সেনা আহত হন।
তবে এ অভিযোগকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আটক চারজন ইরানি নাগরিক একটি বাণিজ্যিক জাহাজে দায়িত্ব পালন করছিলেন এবং নেভিগেশন সিস্টেমে ত্রুটির কারণে তারা কুয়েতের জলসীমায় প্রবেশ করেন।
বিবৃতিতে আরো বলা হয়, কুয়েতের “অসঙ্গত রাজনৈতিক ও গণমাধ্যম কর্মকাণ্ড” নিন্দনীয়। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের আওতায় কুয়েতে থাকা ইরানি দূতাবাসকে আটক নাগরিকদের সঙ্গে অবিলম্বে সাক্ষাতের সুযোগ দেয়ার দাবি জানানো হয়।
ইরান কর্তৃপক্ষ আটক ব্যক্তিদের দ্রুত মুক্তির আহ্বান জানিয়ে বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের ওপর গুরুত্ব দিয়েছে।
সূত্র : আল জাজিরা