মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত ৪০ কোটি ডলারের বলরুম নির্মাণ প্রকল্প স্থগিত করেছেন দেশটির এক ফেডারেল আপিল আদালত। ঐতিহাসিক এই কমপ্লেক্সে পরিবর্তন ও রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কিত আইনি লড়াইয়ে এটি ট্রাম্প প্রশাসনের জন্য এক বড় ধাক্কা।

ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিটের মার্কিন আপিল আদালত শুক্রবার 'ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন'-এর পক্ষে দেয়া এক সাময়িক নিষেধাজ্ঞা বহাল রেখেছেন। যুক্তরাষ্ট্রের আইনসভার কোনো অনুমোদন না নিয়েই হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে বলরুমের কাজ শুরু করায় এই মামলাটি করা হয়েছিল।

দুই-এক বিচারকের ব্যবধানে দেয়া এই রায়ে ৯০ হাজার বর্গফুটের বলরুমটির মাটির ওপরের অংশ নির্মাণের কাজ আপাতত আটকে গেছে। তবে ট্রাম্প প্রশাসন মার্কিন সুপ্রিম কোর্টে যাওয়ার সময় পায় সে জন্য আদেশটি ১৪ দিনের জন্য স্থগিত রেখেছে আদালত ।

আইনি বিরোধের মূল ভিত্তি হলো, কোনো অনুমোদন ছাড়া হোয়াইট হাউসে এমন বড় নির্মাণকাজ চালানোর ক্ষমতা প্রেসিডেন্টের আছে কি না। এর আগে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় নিযুক্ত জেলা বিচারক রিচার্ড লিওন দুইবার মাটির ওপরের কাজ থামিয়ে দিয়েছিলেন। তিনি স্পষ্ট জানান, আইনপ্রণেতাদের সায় ছাড়া মার্কিন প্রেসিডেন্টকে এমন কাজের সুযোগ দেয় এমন 'কোনো আইনি ভিত্তি নেই'।

আদালতে বিচার বিভাগীয় আইনজীবী ইয়াকোভ রথ যুক্তি দেন, ব্যক্তিগত অর্থায়নে চলা এই প্রকল্পে আদালতের হস্তক্ষেপ করা ঠিক নয়। ইস্ট উইং প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ছিল দাবি করে তিনি বলেন, জাতীয় নিরাপত্তার চেয়ে 'স্থাপত্য সংক্রান্ত পছন্দ' বড় হতে পারে না। জবাবে সংরক্ষণ গোষ্ঠীর আইনজীবী থ্যাডিউস হিউয়ার বলেন, 'তারা স্রেফ কংগ্রেসে যেতে চায় না।'

হোয়াইট হাউসে বড় অনুষ্ঠান আয়োজন ও নিরাপত্তা জোরদারে এই বলরুম প্রয়োজন বলে দাবি ট্রাম্পের। খরচ বেড়ে দ্বিগুণ হওয়া প্রসঙ্গে গত মাসে 'ট্রুথ সোশ্যাল'-এর এক পোস্টে ট্রাম্প লেখেন, আকার দ্বিগুণ করা ও মান উন্নত করার কারণেই খরচ বেড়েছে, যা শেষ হলে 'জাঁকজমকপূর্ণ ও নিরাপদ' হবে। সম্প্রতি আইনি আদেশে কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর পর এই বলরুম মামলায় আবারো ধাক্কা খেলেন তিনি।

সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews