কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর মুনিয়ারীকান্দা-দত্তেরবাজার সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: জালাল উদ্দিনের দাবির পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

রোববার (১৬ আগস্ট) দুপুরে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন তিনি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে সড়কপথে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পৌঁছান প্রধানমন্ত্রী।

পোনা অবমুক্তকরণ কার্যক্রম শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন। তিনি তার বক্তব্যে এলাকার বিভিন্ন সমস্যা ও ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এর পরেই প্রধানমন্ত্রী উপস্থিত হাজারো মানুষের উদ্দেশে বক্তব্য দেন। বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নিচে নেমে গেলেও তিনি পুনরায় মঞ্চে ওঠেন এবং মাইক হাতে নিয়ে ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের ঘোষণা দেন। এ সময় উপস্থিত হাজারো মানুষ আনন্দে ও উচ্ছ্বাসে ফেটে পড়েন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমীর উর রশীদ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম, কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: ফজলুর রহমান, ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাছরিন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews