কাতালান ক্লাব বার্সেলোনার আভিজাত্য আর ঐতিহ্যের সঙ্গে মিশে আছে আর্জেন্টিনার মহানায়ক দিয়েগো আরমান্দো ম্যারাডোনার নাম। ক্যাম্প ন্যুতে তার উপস্থিতি সংক্ষিপ্ত হলেও তার প্রভাব ছিল দীর্ঘস্থায়ী। ম্যারাডোনার মতো মহাতারকাদের সেই রাজপথেই এখন নিজের রাজত্ব গড়ার ইঙ্গিত দিচ্ছেন ১৮ বছর বয়সী স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। ইতিমধ্যেই তিনি ছুঁয়ে ফেলেছেন এমন এক মাইলফলক, যা বার্সেলোনার ইতিহাসে চিরকাল আলোচনায় থাকবে। 

কোপা দেল রে কোয়ার্টার ফাইনালে আলবাসেতের বিপক্ষে ম্যাচে একটি গোলই বদলে দিয়েছে অনেক কিছু। সেই গোলের মধ্য দিয়েই বার্সেলোনার জার্সিতে নিজের মোট গোলসংখ্যা ৩৯-এ নিয়ে যান ইয়ামাল। এর মাধ্যমে ম্যারাডোনাকে পেছনে ফেলেছেন তিনি। বার্সেলোনার হয়ে ৩৮ গোল করেছিলেন ম্যারাডোনা। 

বার্সেলোনায় ক্যারিয়ারের ৩৯তম গোল পেতে ১৩৫ ম্যাচ খেলেছেন ইয়ামাল। এখানেই আসে তুলনার জায়গা। ম্যারাডোনা বার্সেলোনার হয়ে তার ৩৮টি গোল করেছিলেন মাত্র ৫৮ ম্যাচে। সংখ্যার বিচারে ইয়ামাল এগিয়ে গেলেও, ম্যাচ সংখ্যার দিক থেকে ম্যারাডোনা দক্ষতা ও প্রভাব এখনো বিস্ময়কর। 

বার্সেলোনা এখন লিগ টেবিলের শীর্ষে থাকার লড়াইয়ে আছে। তাদের লক্ষ্য পরিষ্কার। শীর্ষস্থান ধরে রাখা। পাশাপাশি অপেক্ষা করা রিয়াল মাদ্রিদের পয়েন্ট হারানোর। এই দৌড়ে ইয়ামালের মতো একজন তরুণের ধারাবাহিক পারফরম্যান্স দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। ফুটবল ইতিহাসে ম্যারাডোনা নাম কখনো ম্লান হবে না। সেটি অমোঘ সত্য। তবে ইতিহাস থেমে থাকে না। প্রতিটি প্রজন্ম তার নিজস্ব নায়ক খুঁজে নেয়। লামিনে ইয়ামাল সেই পথেই হাঁটছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews