টানা পঞ্চম জয়ে লা লিগার শিরোপার প্রতিদ্বন্দি রিয়াল মাদ্রিদের চেয়ে নয় পয়েন্টে এগিয়ে গেলো বার্সেলোনা। বুধবার রাতে ক্যাম্প ন্যুতে সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে হ্যান্সি ফ্লিকের দল। তবে জয়ের আনন্দের মাঝেই বার্সেলোনার জন্য অস্বস্তির কাঁটা হয়ে এসেছে ইয়ামালের চোট। ধারণা করা হচ্ছে, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন স্প্যানিশ তারকা। ক্লাসিকোর ১৮ দিন আগে বার্সেলোনার জন্য যেমন এটি শঙ্কার, তেমনি বিশ্বকাপের ৫০ দিন আগে স্পেনের জন্যও দুর্ভাবনার। ঘরের মাঠে ম্যাচের প্রথম মিনিটেই বিপদে পড়তে বসেছিল বার্সেলোনা। সতীর্থের ক্রস বুক দিয়ে নামিয়ে বক্সের বাইরে থেকে শট নেন সেল্টা ভিগোর পাবলো দুরান, ঝাঁপিয়ে এক হাতে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান গোলরক্ষক হুয়ান গার্সিয়া। দ্বিতীয় মিনিটে দুরানের আরেকটি শট অনায়াসে ঠেকান এই স্প্যানিশ গোলরক্ষক। বার্সেলোনা আক্রমণে উঠলেও, পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না। ২৯ মিনিটে বক্সের সামনে থেকে ইয়ামালের শট বাইরে দিয়ে যায়। একটু পর ইয়ামালের ক্রসে দানি ওলমোর হেডও লক্ষ্যে থাকেনি। ৩৯ মিনিটে ইয়ামাল বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ১৮ বছর বয়সী এই তারকা। গোল করার পরই উদযাপনের সময় ডাগআউটের দিকে হাত উঁচিয়ে অস্বস্তি অনুভব করার ইঙ্গিত করেন তিনি। ফিজিওর শুশ্রূষা নিয়েও আর খেলা চালিয়ে যেতে পারেননি ইয়ামাল। কোচ ফ্লিককে কিছু একটা বলে সরাসরি টানেল দিয়ে ভেতরে চলে যান তিনি। বাকি সময়ে উল্লেখযোগ্য কিছু আর করতে পারেনি স্বাগতিকরা। ৩২ ম্যাচে ২৭ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৮২। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। ৩২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে সেল্টা ভিগো।

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে সরিয়ে শীর্ষে উঠলো ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে বার্নলির মাঠে তাদেরকে ১-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওয়ালার দল। আর এই জয়ে আসরের প্রথম দিনের পর আবার শীর্ষে উঠল তারা। শিরোপা লড়াইয়ের লাগামটাও নিজেদের হাতে নিল সিটি। ৩৩ ম্যাচে ২১ জয় ও সাত ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টারের দলটি। তাদের সমান পয়েন্ট হলেও, গোলের হিসাবে দুইয়ে নেমে গেছে আর্সেনাল। এখন পর্যন্ত শীর্ষ দুই দলেরই গোল ব্যবধান সমান ৩৭টি করে তবে গোল করায় এগিয়ে সিটি যেখানে তারা গোল করেছে ৬৬টি, আর্সেনাল করেছে ৬৩টি। শীর্ষস্থান দখলের লক্ষ্যে শুরু থেকেই আক্রমনাতœক ম্যান সিটি গোল পেয়ে যায় খেলার ৫ মিনিটেই। মাঝমাঠ থেকে জেরেমি ডোকুর বাড়ানো পাস ধরে প্রতিপক্ষের দুইজনকে পেছনে ফেলে ডি বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন নরওয়ের তারকা আরলিং হালান্ড। প্রিমিয়ার লিগে মাঝে চার ম্যাচে গোল খরার পর, টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন এই ফরোয়ার্ড। আসরে তার গোল হলো ২৪টি যা এখন পর্যন্ত সর্বোচ্চ। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে তার গোল হলো ৩৫টি। এই পরাজয়ে উলভসের পর প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয়ে গেছে বার্নলির।

এদিকে, জার্মান কাপের ফাইনালে উঠেছে সদ্য বুন্দেস লিগার শিরোপা জেতা বায়ার্ন মিউনিখ। বায়ার লেভারকুজেনকে হারিয়ে পাঁচ মৌসুম পর জার্মান কাপের ফাইনালে উঠল হ্যারি কেইনরা। বুধবার রাতে সেমিফাইনালে বায়ার লেভারকুজেনকে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২২ মিনিটে ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে দলকে এগিয়ে নেন কেইন। এই প্রতিযোগিতায় এবার পাঁচ ম্যাচ খেলে প্রতিটিতেই জালের দেখা পেলেন তিনি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইংলিশ তারকার গোল হলো ৫২টি। আর একেবারে শেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সব অনিশ্চিয়তার ইতি টানেন কলম্বিয়ার ফরোয়ার্ড লুইস দিয়াস। পাঁচ মৌসুম পর প্রতিযোগিতাটির ফাইনালে উঠল বায়ার্ন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews