ইরানকে উদ্দেশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম অপমানজনক ও অকথ্য ভাষায় দেওয়া এক হুমকির পর যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ট্রাম্পের এমন আচরণে উদ্বেগ প্রকাশ করে অনেক মার্কিন রাজনীতিক এখন তাঁর ‘মানসিক সুস্থতা’ নিয়েই প্রশ্ন তুলছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবি জানান। অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় তিনি লেখেন, ‘হারামির দল, হরমুজ প্রণালি খুলে দাও। নাহলে নরকযন্ত্রণা ভোগ করতে হবে।—শুধু দেখো কী হয়।’
এখানেই শেষ নয়, ইরানের জ্বালানি ও পরিবহন অবকাঠামোতে আরও বড় হামলার হুমকি দিয়ে ট্রাম্প লেখেন, ‘ইরানে আগামীকাল মঙ্গলবার হবে বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন। এদিন এমন কিছু ঘটবে, যা এর আগে কেউ কোনো দিন দেখেনি। পোস্টের শেষে তিনি ব্যঙ্গাত্মকভাবে ‘সকল প্রশংসা আল্লাহর’ কথাটিও যোগ করেন।