যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির লাশ সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে দেশে পৌঁছানোর কথা রয়েছে। গতকাল মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে বৃষ্টির লাশ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়েছে। বাংলাদেশ সময় শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে লাশ দেশে পৌঁছবে। হিলসবোরো কাউন্টি শেরিফ ১ মে অফিস বৃষ্টির লাশ শনাক্ত করে। এর পরই ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ট্যাম্পায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। এর আগে বুধবার জোহরের নামাজের পর ট্যাম্পা বে এরিয়ার ইসলামিক সোসাইটি মসজিদে বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন। এদিকে নাহিদা বৃষ্টির পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশ ৪ মে দেশে পৌঁছেছে।