সাবেক অধিনায়কদের সম্মান জানাতে ব্যতিক্রমী এক উদ্যোগ হাতে নিয়েছেন তামিম ইকবাল। তাদের অবদানের বিশেষ স্বীকৃতি স্বরূপ দেয়া হবে ক্যাপ্টেনস কার্ড।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দেয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের হাতে একটি বিশেষ সংস্করণের প্রিভিলেজ কার্ড তুলে দেয়া হবে।
‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান’ নামে এ আয়োজনটি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হওয়ার কথা।
জানা গেছে, এ কার্ডটি স্থায়ী প্রবেশপত্র হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সাবেক অধিনায়কেরা দেশের যেকোনো মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন।
এদিকে এই অনুষ্ঠান ঘিরে আগ্রহী বিসিবি সভাপতি তামিম ইকবাল। জানা গেছে, তিনি নিজেই ব্যক্তিগতভাবে অধিনায়কদের সাথে যোগাযোগ করছেন, কথা বলছেন।
বিসিবি বিস্তারিত কিছু না জানালেও জানা গেছে এই উদ্যোগের আওতায় এমন সব ক্রিকেটারই থাকছেন, যারা অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন।
ফলে দেশের ক্রিকেট ইতিহাসের বিভিন্ন সময়ের অধিনায়কেরা একই প্ল্যাটফর্মে আসার সুযোগ পাচ্ছেন। এছাড়া আরো একটি বিশেষ পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে।
যেসব সাবেক অধিনায়কের বয়স পঞ্চাশের বেশি, তাদের জন্য আলাদা করে ‘হেলথ কার্ড’ দেয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। যদিও আনুষ্ঠানিক কিছু জানায়নি বিসিবি।