সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এসিসি প্রিমিয়ার কাপের শিরোপা জিতেছে নেপাল। কুয়ালালামপুরে ৪৪ রানের জয় পেয়েছে তারা। এই জয়ের মধ্য দিয়ে ২০২৭ ওয়ানডে এশিয়া কাপে খেলার টিকিটও নিশ্চিত করেছে হিমালয়ের দেশটি।

শনিবার (১২ সেপ্টেম্বর) টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ৩১৩ রান সংগ্রহ করে নেপাল। দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন ওপেনার আসিফ শেখ। ১০৬ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

জবাবে ৩১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে ২৬৯ রানে অলআউট হয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। দলের হয়ে একাই লড়াই করেন রাহুল চোপড়া। অপরাজিত ১০০ রান করেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি তিনি।

নেপালের বোলারদের মাঝে সবচেয়ে সফল ছিলেন করণ কেসি। ৪৯ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তিনি। তার সাথে অন্য বোলাররাও নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে আমিরাতের রান তাড়াকে থামিয়ে দেন।

ফলে ৪৪ রানের জয় নিয়ে এসিসি প্রিমিয়ার কাপের চ্যাম্পিয়ন হয় নেপাল। একই সাথে টুর্নামেন্টের শেষ দল হিসেবে ২০২৭ ওয়ানডে এশিয়া কাপে জায়গা করে নেয় তারা।

এর আগে, ২০২৩ সালের এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালেও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছিল নেপাল। সেই জয়ের পর প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছিল তারা। এবারো যেন একই ঘটনার পুনরাবৃত্তি হলো।

২০২৭ সালের এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। আগামী বছরের ১৮ জুন থেকে ৪ জুলাই ঢাকা ও চট্টগ্রামে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওয়ানডে বিশ্বকাপের বছর হওয়ায় এবারের এশিয়া কাপও হবে ৫০ ওভারের সংস্করণে।

পূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সরাসরি টুর্নামেন্টে জায়গা পেয়েছে। তাদের সাথে ষষ্ঠ ও শেষ দল হিসেবে এবার যুক্ত হলো নেপাল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews