মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল পালাকার। নাটকের নাম ‘এককোটি মনোয়ারা’। নাটকটি লিখেছেন বদরুজ্জামান আলমগীর এবং নির্দেশনা দিয়েছেন মীর মেহবুব আলম নাহিদ। আগামী ১২ ও ১৩ আগস্ট সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটকটি। নাট্যকার বলেন, প্রযোজনাটি মানুষের বেঁচে থাকার চিরন্তন অদম্য আকাক্সক্ষাকে কেন্দ্র করে নির্মিত একটি সমকালীন রাজনৈতিক বয়ান। এর মধ্যে উঠে এসেছে ব্যক্তি, রাষ্ট্র, ন্যায়বিচার, স্মৃতি, মাতৃত্ব, প্রতিরোধ এমন বিষয়। নাটকের কাহিনিতে দেখা যাবে, একটি রুদ্ধদ্বার মিলনায়তন মুহূর্তের মধ্যে পরিণত হয় একটি প্রতীকী আদালতে। সেখানে বিচার হচ্ছে। কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে কে? কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্র, নাকি আমাদের নীরব বিবেক? এই প্রশ্নকে কেন্দ্র করে নাটকটি ধীরে ধীরে উন্মোচন করে রাষ্ট্র, ইতিহাস, স্মৃতি এবং মানুষের অস্তিত্বের সংকটকে। শ্রমজীবী আবুল ফজলের নিখোঁজ হয়ে যাওয়া, তার অন্তঃসত্ত্বা স্ত্রী রোখসানার অন্তহীন প্রতীক্ষা এবং প্রান্তিক মানুষের বেঁচে থাকার সংগ্রাম ব্যক্তিগত বেদনার সীমানা অতিক্রম করে এক বৃহত্তর জাতীয় প্রশ্নে রূপ নেয়। নাটকটিতে অভিনয় করেছেন একামণি ঘোষ, মনীষা ঘোষ, ফাহমিদা মল্লিক শিশির, মুনিরা অবনী, চারু পিন্টু, রমিজ পাটোয়ারী, তাজিন বিনতে খালেদ, টগর তিহান, তানজিদা ইসরাত জাহান, জ্যাকলিন কাব্য।