মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জে পুলিশের অভিযানে চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ, প্রস্তুতকৃত মদ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রদীপ রবি দাস (৩৮) নামে এক মাদককারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মাদারগঞ্জ পৌর শহরের চাঁদপুর নামাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক ওয়াজিউর রহমান, উপ-পরিদর্শক শামসুজ্জামান ও উপ-পরিদর্শক মজিবুর রহমানসহ পুলিশের একটি চৌকস দল।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চর গাবেরগ্রাম এলাকায় একটি বাড়িতে দীর্ঘদিন ধরে দেশীয় বাংলা মদ তৈরি ও বিক্রি করা হচ্ছে বলে খবর পায় পুলিশ। পরে ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রদীপ রবি দাসকে আটক করা হয়। এ সময় তার বাড়ির খাটের নিচে, রান্নাঘর এবং টিউবওয়েলের পাশের মাটির নিচ থেকে চোলাই মদ তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে মাদারগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, অভিযানে ৪১০ লিটার দেশীয় চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৬১ হাজার ৫০০ টাকা। এছাড়া একটি প্লাস্টিকের বস্তায় রাখা প্রায় ১৭ কেজি চিটাগুড় উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় দুই হাজার ৪০ টাকা। একই সাথে সাড়ে আট লিটার প্রস্তুতকৃত দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য তিন হাজার ৪০০ টাকা।

সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান আরো বলেন, ‘গ্রেফতারকৃত প্রদীপ দাসের পাশাপাশি পলাতক আসামি সুবিদা রানি ওরফে বুচি ও সোনিয়া ওরফে জাম্বুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

তিনি বলেন, ‘সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে পুলিশের অভিযান চলমান থাকবে। কোনো মাদককারবারিকে ছাড় দেয়া হবে না।

প্রেস ব্রিফিংয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায়সহ পুলিশের অন্য কর্মকর্তা, সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews