রাজধানীর আসকোনার হাজী ক্যাম্পে হজ-২০২৬ উপলক্ষে হজ্ব টিম সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এ সময় মন্ত্রী বলেন, হজ্ব টিম সদস্যরা হজ্ব নয় হাজীদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেই সেখানে যাবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এছাড়াও ওয়াকফ প্রশাসক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, হজ্ব টিম সদস্যরা হজ্ব করতে নয়, বরং হাজীদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। তিনি আরো বলেন, “আপনারা নিজেদের হাজী মনে করবেন না, বরং হাজীদের সেবক হিসেবে কাজ করবেন।

যদি দায়িত্ব পালনে অবহেলা করেন এবং ঐ সময় ইবাদতে ব্যয় করেন, তাহলে সেই ইবাদত কবুল হবে না।” মন্ত্রী বলেন, হাজীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে এবং দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্টদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে,আর যারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন, তাদের ভবিষ্যতেও হজ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। ধর্মমন্ত্রী তার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে জানান, ১৯৮৩ সাল থেকে তিনি নিয়মিত হজ পালন করে আসছেন এবং সৌদি আরবের হজ ব্যবস্থাপনার উন্নতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশংসা করেন।

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন উপস্থিত হজ্জ টিম সদস্যদেরকে অনুরোধ জানিয়ে বলেন,আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান একজন যোগ্য এবং অভিজ্ঞ ব্যাক্তিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আপনাদের উপর নির্ভর করছে আমাদের মন্ত্রী মহোদয়ের সম্মান, আপনারা হাজীদের ভালোভাবে সেবা দিলে এই সুনাম অক্ষুন্ন থাকবে।

সভাপতির বক্তব্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ বলেন, হজ টিম সদস্যদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি সকলকে সতর্ক করে বলেন, “দায়িত্ব পালনে ব্যর্থ হলে ২০১৮ সালের প্রযোজ্য আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” অনুষ্ঠানের অন্যান্য বক্তারা হজ ব্যবস্থাপনা সুষ্ঠু ও কার্যকর করতে টিম সদস্যদের আন্তরিকতা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews